বঙ্গবন্ধু সিনিয়র ডিভিশন লীগ : উল্কা ক্লাব-ডুমুরিয়া তরুণ সংঘের গোলশূন্য ড্র

ক্রীড়া প্রতিবেদক

জেলা ফুটবল এসোসিয়েশন খুলনা আয়োজিত এবং বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত বঙ্গবন্ধু সিনিয়র ডিভিশন ফুটবল লীগে উল্কা ক্লাব বনাম ডুমুরিয়া তরুণ সংঘের দিনের একমাত্র ম্যাচ গোলশূন্য অমিমাংসীত ভাবে শেষ হয়েছে।

শুক্রবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৩টায় দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি হয় উল্কা ক্লাব বনাম ডুমুরিয়া তরুণ সংঘ। শুরুতেই উভয় দল গোছানো ফুটবল শুরু করে। আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে চলতে থাকে খেলা। খেলা দেখে মনে হয় দল দুটি’র শক্তি সমানে সমান। কিন্তু খেলার ২২ মিনিটের সময় দলের ১০নং জার্সি পরিহিত খেলোয়াড় তরিকুল বামপ্রান্ত থেকে ছোট ডি বক্সের সামনে বল পেয়ে গোল করে দলকে (১-০) এগিয়ে নিয়ে যায়। গোল হজম করে পরিশোধের জন্য মরিয়া হয়ে ওঠে ডুমুরিয়া। একের পর এক আক্রমণ করতে থাকে তারা। তবে উল্কার রক্ষণভাগ ভাঙ্গতে ব্যর্থ হয়।

এক গোলে পিছিয়ে থেকে বিরতীতে যায় ডুমুরিয়া। বিরতী থেকে ফিরে আক্রমণ শুরু করে ডুমুরিয়া। প্রথম মিনিটেই পরিকল্পিত এক আক্রমণ থেকে বামপ্রান্ত থেকে সোজাসুজি মাইনাসের বল পেয়ে যায় দলের ৩নং জার্সি পরিহিত খেলোয়াড় পিন্টু। ফাঁকা বারে গোল করে খেলায় সমতা আনে (১-১)। এর পর থেকে উভয় দল রাফ এন্ড টাফ খেলা শুরু করে। জয়ের নেশায় উভয় দল আক্রমণ-পাল্টা আক্রমণ করতে থাকে। কিন্তু গোল মিসের ব্যর্থতা থেকে বের হতে পারেনি উভয় দল। ফলে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে দু’বার হাতাহাতির ঘটনা ঘটে। উভয় দল যেভাবে আক্রমণ-পাল্টা আক্রমণ করতে থাকে, তাতে মনে হয় যে কোন সময় ফল বের হতে পারে সে আশায় ছিল দর্শকরা। কিন্তু সকলকে হতাশায় ডুবিয়ে উভয় দল পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে।

খেলাটি পরিচালনা করেন রেফারী পার্থ প্রতীম মন্ডল, সিদ্ধার্থ সরকার, কিশোর বকসী ও বিমল মল্লিক। ম্যাচ কমিশনার ছিলেন নৃপেন রায়। খেলা দু’টির ধারাভাষ্য ছিলেন এডভোকেট এম এম সাজ্জাদ আলী ও এডভোকেট প্রজেশ রায়।

মাঠে উপস্থিত ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আলহাজ্ব মো. সাইফুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম রশিদী দোজা, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, কোষাধ্যক্ষ নুরুল ইসলাম খান কালু, কার্যনির্বাহী সদস্য এ মনসুর আজাদ, সদস্য ও লীগ কমিটির সম্পাদক সুজন আহমেদ ও সদস্য ও লীগ কমিটির সহ-সম্পাদক মনিরুজ্জামান মহসীন।

৩০ জুলাই শনিবার জেলা স্টেডিয়ামে দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুপুর আড়াইটায় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব বনাম খুলনা আবাহনী ক্রীড়া চক্র। বিকেল সোয়া ৪টায় দ্বিতীয় খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে মৌসুমি একাদশ ও সাবেক খেলোয়াড় সংঘ।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন