কুয়েতকে হারিয়ে সেমিফাইনালের পথে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

শারজায় টস হেরে ব্যাট করতে নেমে ৪৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৯১ রান সংগ্রহ করে বাংলাদেশ। ওপেনার মাহফিজুল ইসলাম ১১৯ বলের মোকাবেলায় করেন ১১২ রান, হাঁকান ১২টি চার ও ৪টি ছক্কা। মাহফিজুলের শতকের দিনে ঝড়ো ইনিংস খেলেন এস এম মেহরব হোসেন। ২৪ বলের মোকাবেলায় ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪২ রান করেন তিনি।

এছাড়া অন্যান্যদের মধ্যে আরিফুল ইসলাম ২৪ বলে ২৩, গাজী মোহাম্মদ তাহজিবুল ইসলাম ১৯ বলে ২৫ ও আইচ মোল্লা ৩৯ বলে ২০ রান করেন। কুয়েতের পক্ষে আব্দুল শফিক তিনটি এবং মোহাম্মদ উমর ও হেনরি থমাস দুটি করে উইকেট শিকার করেন।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে কুয়েতের শুরুটা মোটেও ভালো হয়নি। শ্লথ রানের গতি শুরু থেকেই ভুগিয়েছে দলটিকে। পঞ্চম ওভারে দলীয় ৫ রানে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন মুশফিক হাসান। এরপর একে একে উইকেট হারাতে থাকে কুয়েত। শেষপর্যন্ত গুটিয়ে যায় মাত্র ৬৯ রানে, ২৫.৩ ওভারে।

দলের পক্ষে দুই অঙ্কের রানের দেখা পেয়েছেন মাত্র দুইজন। এক প্রান্ত আগলে রেখে প্রতিরোধ গড়ার আপ্রাণ চেষ্টা করা ওপেনার মিত ভভসার ৭৭ বলে ৪৩ রান করেন। ২৭ বলে ১১ রান করেন মির্জা আহমেদ।

বাংলাদেশের পক্ষে রিপন মণ্ডল শিকার করেন তিনটি উইকেট। এছাড়া এস এম মেহরব হোসেন ও অধিনায়ক রাকিবুল হাসান দুটি করে এবং মুশফিক হাসান ও নাইমুর রহমান নয়ন একটি করে উইকেট শিকার করেন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন