জাতীয় ক্রিকেট লীগে রংপুর-খুলনার ড্র

ক্রীড়া প্রতিবেদক

ড্র-ই হলো সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত রংপুর ও খুলনার জাতীয় ক্রিকেট লীগের প্রথম রাউন্ডের ম্যাচ। পয়েন্ট ভাগাভাগি হলেও ম্যাচ শেষে সমহিমায় উজ্জ্বল মেহেদী হাসান মিরাজ। খুলনার এই অফস্পিনার ম্যাচে নিয়েছেন ৯ উইকেট। আর রংপুরের ব্যাটসম্যান জাহিদ জাভেদ এই ম্যাচের সেরা ব্যাটসম্যান। সেঞ্চুরি করেছেন তিনি।

কোনো উইকেট না হারিয়ে ৪২ রানে বুধবার চতুর্থ ও শেষ দিনের খেলা শুরু করেছিল রংপুর। জাহিদ ২০ রানে আর মায়শুকুর রহমান ২১ রানে খেলতে নামেন। মায়শুকুরকে (৪৪) হাফ সেঞ্চুরি বঞ্চিত করে ৮০ রানের উদ্বোধনী জুটি ভাঙেন আব্দুল হালিম।

জাহিদের সঙ্গে এরপর ১০২ রানের আরেকটি শক্ত জুটি গড়েন মাহমুদুল হাসান। তাকে ৪১ রানে বোল্ড করেন হালিম। এরপর ভেঙে যায় রংপুরের ব্যাটিং প্রতিরোধ। ১৮৫ বলে ১০১ রানে নাহিদুল ইসলামের শিকার হন জাহিদ। তার ইনিংসে ছিল ১০ চার ও ২ ছয়।

১৮২ রানে ২ উইকেট হারানো দলটির অষ্টম ব্যাটসম্যান ফিরে যান দলীয় ২৩৭ রানে। তানভীর হায়দার ৫২ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন। অন্য প্রান্তে ৫ রানে টিকে ছিলেন রবিউল হক।

প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া মিরাজ দ্বিতীয় ইনিংসে তিনটি উইকেট পান। সমান উইকেট শিখার করেছেন নাহিদুল। দুটি পান হালিম।

দিন শেষে রংপুরের দ্বিতীয় ইনিংসের সংগ্রহ ৮ উইকেটে ২৬৬ রান। প্রথম ইনিংসে তাদের ২৫৭ রানের জবাবে ২৬০ রান করেছিল খুলনা।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন