সৌদি বিমানবন্দর ও সেনা ঘাঁটিতে হুথিদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা জানিয়েছে, সৌদি আরবের বিমানবন্দর ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ধারাবাহিক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, তাদের বাহিনী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে বেশ কয়েকটি ড্রোন হামলা চালায়। সুনির্দিষ্ট এ হামলায় সেখানকার বিমান চলাচল ব্যাহত হয় বলে দাবি করে তিনি।

তিনি আরো জানান, আবহা আন্তর্জাতিক বিমানবন্দর এবং খামিস মুশাইত বিমান ঘাঁটিতেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। সারি দাবি করেন, এসব হামলার ফলে বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয় এবং সামরিক ঘাঁটির ক্ষয়ক্ষতি হয়।

আরেকটি বিবৃতিতে সারি জানান, হুথি বাহিনী তিনটি সামরিক ক্যাম্প-জিজানের দাগারির, আসিরের আকিফাহ এবং জিজানের আল-মাওসিম-লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

অন্যদিকে, সৌদি-নেতৃত্বাধীন জোট বুধবার জানায়, তারা হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রিয়াদ এলাকার দিকে আসার পথে প্রতিহত ও ধ্বংস করেছে।

এদিকে, আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ক্ষেপণাস্ত্র দুটির একটি বদর সেন্টারে সৌদি নেতৃত্বাধীন জোটের একটি ইউনিটের ওপর আঘাত হানে। তবে এ বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, হুথি গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা পার্শ্ববর্তী কোনো এলাকা থেকে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়েছিল।

সূত্র: মিডল ইস্ট আই/আনাদোলু

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন