বাংলাদেশের দুজনকে অবৈধ অনুপ্রবেশে সহায়তা করায় ভারতীয় সেনাসদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

বাংলাদেশের দুই নাগরিককে অবৈধ অনুপ্রবেশে সহায়তার অভিযোগে ভারতীয় এক সেনাসদস্যকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগরের বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ডাহারকান্ডে ভারত-বাংলাদেশ সীমান্তে অবৈধ অনুপ্রবেশকাণ্ডে সেই ভারতীয় সেনাসদস্য ও দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। খবর দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের।

বাংলাদেশের নাগরিক জয় বাড়ুই ও বৈশাখী বাড়ুইকে জিজ্ঞাসাবাদের পর রাজস্থানের যোধপুরে কর্মরত ওই সেনাসদস্যকে গ্রেপ্তার করা হয়। ধৃত দুই বাংলাদেশি গোপালগঞ্জ জেলার বাসিন্দা। পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, পশ্চিমবঙ্গের হুগলি জেলার মোগড়ার বাসিন্দা ওই সেনাসদস্য দুই বাংলাদেশি নাগরিককে বিথারী-হাকিমপুর সীমান্ত পার হতে সাহায্য করেছিলেন।

তিন অভিযুক্তকে বুধবার (২৩ সেপ্টেম্বর) উত্তর ২৪ পরগনার বসিরহাট আদালতে পেশ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে ডাহারকান্ডে সীমান্ত বরাবর কাঁটাতারের বেড়া পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন জয় ও বৈশাখী। সেসময় কর্তব্যরত বিএসএফ জওয়ানরা তাদের আটক করেন। পরবর্তীতে তাদের স্বরূপনগর থানা পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ।

জিজ্ঞাসাবাদ চলাকালীন, দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীর কাছ থেকে ওই সেনাসদস্যের জড়িত থাকার কথা জানতে পারে স্থানীয় পুলিশ।

তিনজনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। এই ঘটনার নেপথ্যে অন্য কোনও পাচার চক্র বা র‌্যাকেট জড়িত রয়েছে কি না, পুলিশ তা-ও খতিয়ে দেখছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন