খারাপ আবহাওয়ার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে নিখোঁজ হওয়া ইন্দোনেশিয়ার যাত্রীবাহী জাহাজটি জাভা সাগরে ডুবে গেছে। জাহাজটিতে ২৪৩ জন আরোহী ছিলেন। এর মধ্যে ১০৩ জনকে উদ্ধার করা হলেও একজনের মৃত্যু হয়েছে। এখন নিখোঁজ ১৪০ জনের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকারীরা।
সংবাদমাধ্যম দ্য ডন বলছে, নিখোঁজ ১৪০ জনের সন্ধানে জাহাজ, হেলিকপ্টার ও উদ্ধারকারী দল নিয়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার সংস্থা জানিয়েছে, খারাপ আবহাওয়ার মধ্যে রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোরে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর ২৪৩ জন যাত্রী ও কর্মী থাকা জাহাজটির খোঁজ পাওয়া যাচ্ছিল না।
সংস্থাটি জানায়, ‘ভিরগো ট্রান্সপোর্ট ৮’ নামের জাহাজটি শনিবার পূর্ব জাভার সুরাবায়া শহর থেকে দক্ষিণ কালিমান্তানের বানজারমাসিনের উদ্দেশে যাত্রা করেছিল। পরে রোববার সংস্থাটি জানায়, জাহাজটি ডুবে গেছে। তবে কীভাবে বা ঠিক কোথায় এটি ডুবেছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
সংস্থাটির বানজারমাসিন কার্যালয়ের প্রধান ই পুতু সুদায়ানা এক ভিডিও বিবৃতিতে বলেন, বিভিন্ন জাহাজের মাধ্যমে ১০৩ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে পূর্ব জাভার একটি বন্দরে নেয়া হবে। তিনি জানান, জাহাজটির সর্বশেষ অবস্থানের দিকে একটি উদ্ধারকারী দল, কয়েকটি জাহাজ ও একটি হেলিকপ্টার পাঠিয়ে তল্লাশি শুরু করা হয়েছে।
প্রায় ১৭ হাজার দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম ফেরি। দেশটিতে আকাশপথের তুলনায় নৌপথে যাতায়াত খরচ কম এবং সহজলভ্য হওয়ায় মানুষ ব্যাপকভাবে ফেরির ওপর নির্ভরশীল। তবে দেশটিতে নৌযানের নিরাপত্তাবিধি সবসময় কঠোরভাবে মানানো হয় না। ফলে নৌযান দুর্ঘটনার হারও তুলনামূলকভাবে বেশি।
গত মাসেও ইন্দোনেশিয়ার একটি ফেরিতে সাগরে আগুন লেগে পাঁচজন নিহত হন। এ ঘটনায় আরও ৪১ জন নিখোঁজ হন। তাদের কয়েকজন আগুন থেকে বাঁচতে সাগরে ঝাঁপ দিয়েছিলেন।
খুলনা গেজেট/এএজে

