গোপালগঞ্জের তেলবাহী নসিমন খাদে পড়ে চালক নিহত

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জের কাশিয়ানীতে তেলবাহী নসিমন খাদে পড়ে মো: রাসেল শেখ (৩০) নামে এক নসিমন চালক নিহত হয়েছে। আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে কাশিয়ানী উপজেলার জয়নগর-কাশিয়ানী সড়কের হিরণ্যকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত নসিমন চালক মো: রাসেল শেখ মুকসুদপুর উপজেলার শাসোনিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, একটি নসিমেন তেল বোঝাই করে জয়নগর থেকে কাশিয়ানী যাচ্ছিল। এসময় নসিমনটি হিরণ্যকান্দি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়। এতে নসিমন চালক মো: রাসেল শেখ গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন