আরব আমিরাতে বাংলাদেশি দুই প্রতিষ্ঠানের এসএসসির ফলাফলে চমক

ফরহাদ হুসাইন, আমিরাত প্রতিনিধি

সংযুক্ত আরব আমিরাতে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন দুটি বৈদেশিক শিক্ষাপ্রতিষ্ঠান এবারের এসএসসি পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। প্রতিষ্ঠান দুটি হলো, আবুধাবির শেখ খলিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ এবং উত্তর আমিরাতের রাস আল খাইমার বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ।

আবুধাবির শেখ খলিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার পরীক্ষায় অংশ নেন ৪৯ জন শিক্ষার্থী। এর মধ্যে কৃতকার্য হয়েছেন ৪৩ জন, পাসের হার ৮৭ দশমিক ৭৩ শতাংশ। ফল বিশ্লেষণে দেখা যায়, জিপিএ-৫ পেয়েছেন ১ জন, এ গ্রেড পেয়েছেন ১৫ জন, এ মাইনাস ১৭ জন এবং সি গ্রেড পেয়েছেন ৩ জন। অকৃতকার্য হয়েছেন ৬ জন শিক্ষার্থী।

অন্যদিকে রাস আল খাইমার বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল এবারের এসএসসি পরীক্ষায় শতভাগ পাসের হার অর্জন করে চমক দেখিয়েছে। স্কুলটির বিজ্ঞান বিভাগ থেকে অংশ নেওয়া ২৪ জন শিক্ষার্থীর মধ্যে ৫ জন জিপিএ-৫ পেয়েছেন এবং বাকি সবাই উত্তীর্ণ হয়েছেন। বিজনেস স্টাডিজ বিভাগ থেকে অংশ নেওয়া ১৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ জন জিপিএ-৫ সহ সবাই উত্তীর্ণ হয়েছেন।

বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ, রাস আল খাইমা থেকে সব মিলিয়ে ৮ জন শিক্ষার্থী জিপিএ-৫, ২৮ জন এ গ্রেড, ৪ জন এ মাইনাস এবং ২ জন বি গ্রেডে উত্তীর্ণ হয়েছেন। এ ছাড়া ২ জন শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।

উভয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ইংরেজি মাধ্যমে পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন