না ফেরার দেশে পাড়ি জমালেন বলিউডের জনপ্রিয় সিনেমা ‘ওয়েলকাম’-এর মাধ্যমে অধিকতর পরিচিতি লাভ করা অভিনেতা মুস্তাক খান। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মুম্বাইয়ের একটি হাসপাতালে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৫৬ বছর বয়স হয়েছিল এ অভিনেতার।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘদিন ধরে যকৃতের ক্যানসারে আক্রান্ত ছিলেন মুস্তাক খান। গত ১৫ দিন ধরে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। এ অবস্থায় বৃহস্পতিবার মৃত্যু হয় তার। আর এই মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ইন্ডাস্ট্রিতে।
এ অভিনেতার ব্যবসায়ী পার্টনার শিবম জানিয়েছেন, পাঁচ বছর আগে ক্যানসার শনাক্ত হয় মুস্তাক খানের। ওই সময় চিকিৎসাও হয়েছিল। সম্প্রতি আবার সেই ক্যানসারের তীব্রতা বাড়ে। এ কারণে হাসপাতালেও ভর্তি হয়েছিলেন।
২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত তারকাবহুল ‘ওয়েলকাম’ সিনেমায় ‘মেরা এক টাং নকলি হ্যায়…’ বলতে দেখা যায় মুস্তাক খানের। সংলাপটি তখন দর্শকদের মুখে মুখে ছড়িয়ে পড়ে। অনিল কাপুর, নানা পটেকরসহ একাধিক তারকা ছিলেন সিনেমাটিতে। এ অবস্থায়ও মুস্তাক খানের সংলাপটি আলোচনার সৃষ্টি করে।
এছাড়াও মুস্তাক খান আটের দশক থেকে বিভিন্ন সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করে দর্শকমহলে আলাদা পরিচিতি লাভ করেন। ১৯৮০ সালে ‘অ্যালবার্ট পিন্টো কো গুঁসসা কিউ আতা হ্যায়’ দিয়ে বলিউডে অভিষেক করেছিলেন মুস্তাক খান। তারপর কয়েক দশকের ক্যারিয়ারে ‘হাম হ্যায় রাহি পেয়ার কে’, ‘জোড়ি নং ১’-সহ একাধিক হিট সিনেমায় অভিনয় করেছেন। তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘একেলে হাম, একেলে তুম’, ‘প্যায়ার তো হোনা হি থা’, ‘মুঝসে শাদি করোগি’ ও ‘আশিকি’।
উল্লেখ্য, মধ্যপ্রদেশের বালাগাটে জন্ম মুস্তাক খানের। সেখান থেকে চলে আসেন লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগতে। অভিনয়গুণে প্রতিষ্ঠা করেছেন নিজেকে। ২০২৪ সালেও একবার শিরোনামে তার নাম উঠে এসেছিল। একটি অনুষ্ঠানে নেয়ার কথা বলে অপহরণ করা হয়েছিল। পরে দুই লাখ টাকারও বেশি অর্থ মুক্তিপণ দিয়ে মুক্ত হয়েছিলেন এ অভিনেতা।
খুলনা গেজেট/এনএম

