প্রযুক্তির যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনটা সত্য আর কোনটা এডিটিংয়ের কারসাজি, তা বোঝা দায়। এবার কৃত্রিম বুদ্ধিমত্তা কিংবা প্রযুক্তির এই অপব্যবহারের শিকার হলেন বলিউডের প্রখ্যাত গায়ক সনু নিগম ও সালমান খান। ভাইজানের গাওয়া গান শুনে সনু নিগম নানারকম বিভ্রান্তিকর অভিব্যক্তি দিচ্ছেন এমন একটি ভিডিও সাম্প্রতিক সময়ে সোশাল মিডিয়ায় চরম ভাইরাল হয়েছে।
তবে পুরো বিষয়টিকে ভিত্তিহীন ও ভুয়া আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সনু নিজেই। ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, সালমান খানের গাওয়া ‘ম্যায় হুঁ হিরো তেরা’ গানটি চলার সময় কপালে হাত দিয়ে, কখনও আবার চোখ বন্ধ করে মাথা নাড়ছেন সনু। দেখে মনে হচ্ছে সালমানের গায়কী শুনে যেন তিনি রীতিমতো বাকরুদ্ধ! বিষয়টি নিয়ে ইন্টারনেট দুনিয়ায় হাস্যরসের সৃষ্টি হলেও গায়কের দাবি, এটি সম্পূর্ণ প্রযুক্তিগত বিকৃতি।
নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে আসল সত্য প্রকাশ করে সনু নিগম জানান, এটি একটি পাকিস্তানি প্রতিভাবান তরুণীর গান শোনার সময় ধারণ করা তার বাস্তব প্রতিক্রিয়া ছিল। অসাধু উদ্দেশ্যে সেই মূল ভিডিও থেকে কেটে সালমানের ‘ম্যায় হুঁ হিরো তেরা’ গানের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে।
ঘটনায় বিরক্তি প্রকাশ করে সনু নিগম লেখেন, ‘ইন্টারনেটে অপ্রত্যাশিত কিছু ঘটবে এটাই এখন স্বাভাবিক। হঠাৎ এই সম্পাদিত ভিডিওটি আমার চোখে পড়ল। এটি মূলত একজন খুদে পাকিস্তানি গায়িকার গান উপভোগ করার মুহূর্ত ছিল, যাকে ভুলভাবে সম্পাদনা করে প্রচার করা হচ্ছে।’
উল্লেখ্য, নব্বইয়ের দশক থেকেই সালমান খান ও সনু নিগমের পেশাগত রসায়ন বেশ চমৎকার। ‘জানে ক্যায়া হুয়া হ্যায়’-এর মতো বহু জনপ্রিয় গান উপহার দিয়েছেন তারা। যদিও ২০১০ সালের প্রথম দিকে অভিনেতাদের নিজস্ব ছবিতে গান গাওয়ার প্রবণতা নিয়ে দুজনের মধ্যে সাময়িক টানাপোড়েন তৈরি হয়েছিল। ঠিক সেই সময়েই মুক্তি পেয়েছিল সালমানের ‘ম্যায় হুঁ হিরো তেরা’ গানটি।
খুলনা গেজেট/এনএম

