ক্যারিয়ারের দীর্ঘ ২৫ বছর পূর্ণ করলেন জনপ্রিয় নাট্য পরিচালক চয়নিকা চৌধুরী। ২০০১ সালের ১৮ সেপ্টেম্বর ‘শেষ বেলায়’ নাটকের শুটিংয়ের মাধ্যমে ক্যামেরার পেছনে তার পথচলা শুরু হয়েছিল। আড়াই দশকের এই দীর্ঘ ও সফল পরিক্রমায় তিনি উপহার দিয়েছেন চার শতাধিক একক ও ধারাবাহিক নাটক।
পরিচালনায় ২৫ বছর পূর্তির এই বিশেষ মাইলফলক উদযাপনে তিনি নির্মাণ করেছেন চারটি ভিন্ন ঘরানার নাটক ও টেলিছবি, যা শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দেশের চারটি পৃথক টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে। পরে এই কাজগুলো দর্শক দেখতে পাবেন ইউটিউবে।
২৫ বছর উদযাপনের বিশেষ চমক হিসেবে চ্যানেল আইয়ে প্রচার হবে টেলিছবি ‘সময় একটু থামো’। ইফফাত আরেফিন মাহমুদের গল্পে গাঙচিল ড্রামা অ্যান্ড সিনেমার ব্যানারে নির্মিত হয়েছে এই টেলিছবিটি। ১৫ বছর পর প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের সঙ্গে পুরনো পরিচয়ের আকস্মিক দেখা এবং সম্পর্কের গভীর মনস্তাত্ত্বিক টানাপোড়েন নিয়ে গড়ে উঠেছে এর গল্প। এর মূল চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন ও জাকিয়া বারী মম। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মোশাররফ করিম, ফারজানা ছবি, রিয়া এবং অতিথি শিল্পী হিসেবে রোজি সিদ্দিকী।
দ্বিতীয় আয়োজন হিসেবে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ নাটক ‘প্রথম দেখার পর’। মা-হারা তরুণ আরিয়ানের জীবনের হঠাৎ এক দুর্ঘটনার সূত্রে আয়েশা নামের এক মেয়ের সঙ্গে পরিচয়, প্রেম এবং পরবর্তীতে বিয়ের প্রস্তাবে আয়েশার হঠাৎ উধাও হয়ে যাওয়ার রহস্যময় গল্প নিয়ে এটি নির্মিত। নাটকটিতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, তানজিন তিশা, আবুল হায়াত ও ডলি জহুর।
একই রাতে বৈশাখী টিভিতে প্রচার হবে লেজার ভিশন প্রযোজিত নাটক ‘জোছনায় ফেরা’। শফিকুর রহমান শান্তনুর রচনায় একটি মোবাইল মেসেজকে কেন্দ্র করে সুখী দম্পতির সন্দেহ, দূরত্ব এবং মাঝপথে বিশ্ববিদ্যালয় জীবনের ক্রাশের আগমন নিয়ে নাটকটির কাহিনি এগিয়েছে। এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, আইশা খান ও দীপা খন্দকার। বৈশাখী টিভিতে দেখার পর এটি লেজার ভিশনের ইউটিউব চ্যানেলেও পাওয়া যাবে।
এটিএন বাংলায় প্রচার করা হবে নাটক ‘বিষণ্ন মেঘ’। চয়নিকা চৌধুরীর দেখা সত্য ঘটনা অবলম্বনে এর চিত্রনাট্য লিখেছেন ইফফাত আরেফিন তন্বি। এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, জাকিয়া বারী মম, সাদিয়া আয়মান ও ডলি জহুর। এটিএন বাংলায় প্রচারের পর এটিও লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হবে।
উল্লেখ্য, দীর্ঘ আড়াই দশকের ক্যারিয়ারে নাটক ও চলচ্চিত্রের মাধ্যমে দর্শকদের ভালোবাসা কুড়িয়েছেন চয়নিকা চৌধুরী। বড় পর্দায় বানিয়েছেন ‘বিশ্বসুন্দরী’ ও ‘প্রহেলিকা’। তবে চলচ্চিত্র নির্মাণে নাম লেখালেও টেলিভিশন নাটক থেকে কখনো দূরে যাননি।
খুলনা গেজেট/এএজে

