জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়নপ্রত্যাশী সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপাও পেলেন না মনোনয়ন। বিষয়টি নিয়ে কনকচাঁপা লেখেন, ‘দল হয়তো ভেবেছে আমি ভাতের মাড় টাইপ মানুষ।’
সোমবার (২০ এপ্রিল) মনোনয়নের তালিকা প্রকাশ পাওয়ার পর দুপুরে নিজের ফেসবুক আইডি ও ভেরিফায়েড পেজে পোস্টের মাধ্যমে এসব কথা লেখেন তিনি।
একটি পোস্টে তিনি শুধু ১১ বার ‘আলহামদুলিল্লাহ’ শব্দটি লেখেন। এরপর আরেকটি পোস্টে আগের পোস্টের ব্যাখ্যা দিয়ে নিজের রাজনীতি, দলের মূল্যায়ন ও দেশের হয়ে কাজ করার কথা উল্লেখ করেন কনকচাঁপা।
কনকচাঁপা লেখেন, ‘আসসালামু আলাইকুম। জীবনের যেকোনো পরিস্থিতিতেই আমি আলহামদুলিল্লাহ বলি। সবই আল্লাহর ফয়সালা। সরাসরি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যুদ্ধ করলাম। তখনো নমিনেশন না পেয়েও আলহামদুলিল্লাহ বলেছি নির্দ্বিধায়। গ্রামের মানুষের প্রবল চাহিদার জন্য আবারও গেলাম সংরক্ষিত আসনের এই প্রসেসে। সেখানেও তারা আমাকে মূল্যায়ন করল না। তবু বলি আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই আল্লাহ এর মধ্যে মঙ্গল রেখেছেন। জীবন তো এখানেই শেষ হয়ে গেল না।’
কনকচাঁপা আরও লিখেছেন, ‘আপনারা যেভাবে আমার সঙ্গে ছিলেন, আশা করি সেভাবেই থাকবেন। আমি নিতান্তই সাদামাটা মানুষ। দল হয়তো ভেবেছে আমি ভাতের মাড় টাইপ মানুষ। কিন্তু আমি জানি এই দেশ আমার, গান ছাড়াও এ দেশকে দেওয়ার অনেক কিছু বাকি আছে। ইনশা আল্লাহ আমি আছি দেশের হয়ে, দশের হয়ে। আর কিছু যদি না–ও পারি, মরে গিয়ে মাটিতে মিশে মাটি উর্বর করতে পারব নিশ্চয়ই। আমার জন্য দোয়া করবেন।’
উল্লেখ্য, জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশী শোবিজ অঙ্গনের অনেকের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত প্রকাশিত তালিকায় কারোর নাম দেখা যায়নি।
খুলনা গেজেট/এনএম

