এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের জন্য তিনঘন্টা সিসি ক্যামেরায় সংরক্ষণের নির্দেশনা দিয়েছেন খুলনা জেলা প্রশাসক। পরীক্ষার সময় ক্যামেরার ফুটেজ সংরক্ষণ করতে বলা হয়েছে। জেলার কেন্দ্রগুলোতে ৫৮টি নির্দেশনা দেওয়া হয়েছে। গত বছরের পরীক্ষায় ৩৭টি নির্দেশনা ছিল। ২১ এপ্রিল থেকে এ পরীক্ষা শুরু হচ্ছে।
নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর উল্লিখিত পরীক্ষার ওপর অনেক বেশি জোর দেওয়া হয়েছে। বিশেষ করে প্রশ্নপত্র ফাঁস, প্রশ্নপত্রের নিরাপত্তা, বেঞ্চে পরীক্ষার্থীদের আসন বিন্যাস ও প্রতিকক্ষে দু’জন পরিদর্শকের দায়িত্ব পালনের নির্দেশনা রয়েছে। এ পরীক্ষা সম্পন্ন করার জন্য গত ৭ এপ্রিল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা বিগত দিনের অভিজ্ঞতা ও নানা সুপারিশ তুলে ধরে। জেলা প্রশাসনের নির্দেশনায় বলা হয়েছে দলবেধে সাংবাদিকরা কেন্দ্রে প্রবেশ করতে পারবেনা। পরীক্ষার দিনে সংশ্লিষ্ট বিদ্যালয়ে ক্লাস বন্ধ ও নকল প্রতিরোধমূলক পোস্টার দৃশ্যমান সাঁটাতে হবে। কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেনা। প্রতিটি কেন্দ্রে ভিজিলেন্স টিম তদারকি করবে। প্রশ্নপত্র গ্রহণের সময় পুলিশের সহযোগিতা নিতে হবে। পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে ফটোষ্টাট মেশিন বন্ধ রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক হুরে জান্নাত স্বাক্ষরিত এসব নির্দেশনায় আরও বলা হয়েছে ইতিপূর্বের পরীক্ষাগুলোতে যে-সব পরিদর্শকরা বহিষ্কৃত হন তাদের এবারের পরীক্ষায় দায়িত্ব দেওয়া যাবেনা।
এবারের এসএসসিতে জেলায় ২১ হাজার ৫১৭ জন, দাখিলে তিন হাজার ৫৮২ জন এবং এসএসসিতে (ভোকেশনাল) এক হাজার ৬০১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। গত বছর এসএসসিতে ২১ হাজর ৯৩০ জন, দাখিলে তিন হাজার ৬৪২ জন এবং এসএসসিতে (ভোকেশনাল) এক হাজার ৯৪২ জন পরীক্ষার্থী অংশ নেয়।
খুলনা গেজেট/এনএম

