ইরান ও যুক্তরাষ্ট্রকে ঘিরে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বশেষ প্রস্তাবকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে এ অঞ্চলে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়তে পারে।’ ট্রাম্পের এ ঘোষণার পরেই আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে তেলের দাম।
সোমবার (১১ মে) এশিয়ার বাজারে লেনদেন শুরুর পরই দাম বেড়ে যায় ব্রেন্ট ও যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের।
ইরানের সংবাদ সংস্থা তাসনিম-এর খবরে বলা হয়েছে, পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নিজেদের জবাব পাঠিয়েছে তেহরান। সেখানে যুদ্ধ অবিলম্বে বন্ধ করা এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল আর কোনো হামলা করবে না এমন নিশ্চয়তা চেয়েছে ইরান।
তেহরানের শর্তের জবাবে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বলেছেন, ‘আমি এইমাত্র ইরানের তথাকথিত ‘প্রতিনিধিদের’ প্রতিক্রিয়া পড়েছি। এটা আমার পছন্দ হয়নি, একেবারেই অগ্রহণযোগ্য।’
এর জেরে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ৪ দশমিক ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ৫০ ডলারে পৌঁছেছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই ক্রুডের দাম বেড়ে হয়েছে প্রায় ৯৯ দশমিক ৮০ ডলার।
বিশ্ব জ্বালানি বাজারে সবচেয়ে বড় চাপ তৈরি হয়েছে হরমুজ প্রণালি ঘিরে। বৈশ্বিক তেল ও গ্যাস পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে হয়ে থাকে। যুদ্ধ শুরুর পর থেকে কার্যত অচল হয়ে পড়েছে গুরুত্বপূর্ণ এই নৌপথ।
খুলনা গেজেট/এনএম

