বৃহস্পতিবার । ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৩ই ফাল্গুন, ১৪৩২

পুঁজিবাজারে লেনদেন কমেছে ৩১ শতাংশ

গেজেট প্রতিবেদন

দেশের পুঁজিবাজারে সপ্তাহের চতুর্থ কার্যদিবসে গতকাল সূচকে ঊর্ধ্বমুখিতা দেখা গেছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স দশমিক ২২ শতাংশ বেড়েছে।

সূচক বাড়লেও এদিন এক্সচেঞ্জটির দৈনিক লেনদেন কমেছে ৩১ শতাংশের বেশি।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন চলতে থাকে। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স ১২ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ৫৪২ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ৮ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৫২ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ১৪৪ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস এদিন ৪ দশমিক ৭৪ বেড়ে ১ হাজার ১০৬ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ১০১ পয়েন্ট।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, সিটি ব্যাংক, ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক ও আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের শেয়ার।

ডিএসইতে বুধবার ৫৬৫ কোটি ৪৭ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৮২৪ কোটি ৮৯ লাখ টাকা। সে হিসাবে একদিনের ব্যবধানে এক্সচেঞ্জটির দৈনিক লেনদেন কমেছে ৩১ দশমিক ৪৫ শতাংশ। গতকাল এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়ার ৩৯৩টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ১৫৪টির, কমেছে ১৬৭টির আর দর অপরিবর্তিত ছিল ৭২টির।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ২৪ দশমিক ৬০ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে ব্যাংক খাত। ১০ দশমিক ৮০ শতাংশ দখলে নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ওষুধ ও রসায়ন খাত। বস্ত্র খাত ৯ দশমিক ৯০ শতাংশ লেনদেন নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে ছিল। ৯ দশমিক ৭০ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার চতুর্থ স্থানে ছিল প্রকৌশল খাত। আর পঞ্চম অবস্থানে থাকা খাদ্য ও আনুষঙ্গিক খাতের দখলে ছিল লেনদেনের ৮ দশমিক ১০ শতাংশ।

বুধবার ডিএসইতে সাতটি খাত বাদে সব খাতের শেয়ারেই ইতিবাচক রিটার্ন এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ১ দশমিক ২ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে পাট খাতে। এছাড়া বস্ত্র খাতে দশমিক ৬ ও আর্থিক প্রতিষ্ঠান খাতে দশমিক ৬ শতাংশ ইতিবাচক রিটার্ন ছিল। অন্যদিকে ডিএসইতে গতকাল সবচেয়ে বেশি ১ দশমিক ৩ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে মিউচুয়াল ফান্ড খাতে। এছাড়া সাধারণ বীমা খাতে দশমিক ৬ ও জীবন বীমা খাতে দশমিক ৪ শতাংশ নেতিবাচক রিটার্ন ছিল।

দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) নির্বাচিত সূচক সিএসসিএক্স বুধবার ৯ দশমিক শূন্য ৩ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৫১৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই এদিন ১৩ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৪৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৭৭ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ৮৪টির আর দর অপরিবর্তিত ছিল ১৭টির। গতকাল সিএসইতে ১৩ কোটি ৭৬ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১৯ কোটি ৪৯ লাখ টাকা।

খুলনা গেজেট/এমএনএস




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন