রাজধানীর মিরপুরে গার্মেন্টসকর্মী সাইমুন হত্যা মামলায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় ছিনতাই করা মোবাইল ফোন কেনার দায়ে অপর ১ আসামিকে ৩ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
মঙ্গলবার সকালে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১৩ এর বিচারক জাহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের কারাগারে পাঠানো হয়। অপর আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মামলার অভিযোগে বলা হয়, ২০২২ সালে গার্মেন্টসকর্মী সাইমুন বেতন তুলে সহকর্মীদের সঙ্গে জামাকাপড় কেনার জন্য মিরপুর-১ নম্বরে যান। এ সময় তিন ছিনতাইকারী ইউসুফ, ইকবাল খাঁ ও মেহেদী হাসান কৌশলে তাকে বুদ্ধিজীবী কবরস্থানে নিয়ে যান। সেখানে ছুরিকাঘাত করে তার বেতনের টাকা ও ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেন তারা।
ছুরিকাঘাতে গুরুতর আহত সাইমুনকে পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সাইমুনের বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তে পুলিশ অভিযান চালিয়ে সাইমুনের ছিনতাই হওয়া মোবাইল ফোন জব্দ করে। একই সঙ্গে আসামিদের গ্রেপ্তার এবং ছিনতাই করা মোবাইল ফোন বিক্রির টাকা উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তার আসামিরা হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।
খুলনা গেজেট/এনএম

