ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসা করা উচিত: ডিএমপি

গেজেট প্রতিবেদন

সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর দেওয়া বক্তব্যের বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন-সাউথ) মো. তোফায়েল আহমেদ মিয়া বলেছেন, আমার কাছে মনে হয় তাকে (নাসীরুদ্দীন পাটোয়ারী) জিজ্ঞাসাবাদ করা উচিত।

ডিএমপির অভিযানে বিস্ফোরক দ্রব্য ও মুখোশ উদ্ধারের বিষয়ে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এই যুগ্ম কমিশনার বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী এই কথা বলল কেন? আমার কাছে মনে হয়, অবশ্যই তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত।

এর আগে সম্প্রতি রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও নাশকতার বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে জুলাই গণহত্যার বিচার, সংস্কার ও গণভোটের গণরায় বাস্তবায়ন ইস্যুতে এনসিপিসহ ১১দলীয় ঐক্যের রাজপথের আন্দোলন নিয়ে কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। ওই সময় কথার একপর্যায়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে বলতে শোনা যায়, আমরা তো এই ৩ দাবিতে অনবরত রাজপথে আছি, সরকার তো এই দাবিগুলো মানছে না। ১১ দল জোটটা এই দাবিগুলো করে যাচ্ছে, এই দাবিগুলো মানলেই তো ককটেল আর ফুটবে না ঢাকা শহরে।

রাজধানীতে সম্প্রতি যেসব ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে, সেগুলো কি শুধু কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরাই ঘটাচ্ছে, নাকি অন্য কেউ জড়িত— এমন প্রশ্নের জবাবে যুগ্ম কমিশনার বলেন, আমার কাছে মনে হয়, তাকে (নাসীরুদ্দীন পাটোয়ারী) জিজ্ঞাসাবাদ করতে হবে। তিনি এই বক্তব্যটা কেন দিয়েছেন? আমার কাছে মনে হয়, অবশ্যই তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত।

নাসীরুদ্দীন পাটোয়ারীকে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারে কি না, গণমাধ্যমকর্মীরা জানতে চাইলে তিনি বলেন, এটা ঊর্ধ্বতন কর্মকর্তারা বলতে পারবেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন