আশুলিয়ায় পোশাক কারখানার আগুনে নিহত বেড়ে ৭

গেজেট প্রতিবেদন

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার প্রীতি গ্রুপের ওই তৈরি পোশাক কারখানাটিতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ কারখানার ভেতরে পরপর কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। মুহূর্তের মধ্যেই কারখানাজুড়ে তীব্র আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের পর কারখানার ভেতরে তল্লাশি অভিযান চালায়। এ সময় একটি কাবার ভেতর থেকে আরও পাঁচজনের ঝলসানো মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে, বিস্ফোরণের প্রচণ্ড তীব্রতায় একটি সিলিন্ডার ছিটকে পাশের কাপড়ের দোকানে গিয়ে পড়লে জয়নাব বেগম নামে এক নারী ঘটনাস্থলেই মারা যান। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুলাল নামে আরও এক আহত ব্যক্তির মৃত্যু হয়। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা সাতজনে পৌঁছাল।

ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কারখানার ভেতরে আরও কেউ আটকা পড়ে আছেন কি না, তা নিশ্চিত করতে এখনও তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।

প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস ধারণা করছে, কভার্ড ভ্যানের ভেতর থাকা সিএনজি সিলিন্ডার বিস্ফোরণ থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত শেষে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ ও মোট ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যাবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন