রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

গেজেট প্রতিবেদন

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর পরিবারের সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে মুগ্ধর পিতা মীর মোস্তাফিজুর রহমান, ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ও পরিবারের সদস্য মাহফুজা জাফরিন আরিবা উপস্থিত ছিলেন।

রবিবার (২০ সেপ্টেম্বর) বঙ্গভবনে গিয়ে তারা সৌজন্যে সাক্ষাৎ করেছেন। এ সময় রাষ্ট্রপতি মুগ্ধর পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

সাক্ষাৎকালে পরিবারের সদস্যরা জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের কল্যাণ, পুনর্বাসন এবং আহতদের চিকিৎসায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তারা শহীদ ও আহতদের পরিবারের কল্যাণে সরকারের গৃহীত কার্যক্রমগুলো যথাযথ বাস্তবায়নের অনুরোধ জানান।

এ সময় সদস্যরা গেজেট প্রজ্ঞাপনে প্রকাশিত ৮৪৫ জন জুলাই শহীদের নাম খচিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের একটি রেপ্লিকা রাষ্ট্রপতিকে উপহার দেন।

রাষ্ট্রপতি ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দেশকে ফ্যাসিবাদমুক্ত করার সংগ্রামে যারা জীবন দিয়েছেন এবং আহত হয়েছেন, জাতি তাদের আত্মত্যাগ কখনো ভুলবে না। রাষ্ট্রপতি শহীদ পরিবারগুলোর সার্বিক কল্যাণ, আহতদের যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনে রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

রাষ্ট্রপতি এ সময় জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও চিরশান্তি কামনা করেন।

সাক্ষাৎকালে বঙ্গভবনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন