বাসের ধাক্কায় দুই অটোরিকশা যাত্রী নিহত

গেজেট প্রতিবেদন

ময়মনসিংহের ত্রিশালে ইউনাইটেড পরিবহনের একটি বাসের ধাক্কায় মাহিন্দ্রা ও সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো ছয়জন। এ সময় বাসটি প্যাসিফিক আইডিয়াল হাই স্কুলের সীমানাপ্রাচীরে ধাক্কা দিয়ে উল্টে যায়।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ত্রিশাল উপজেলার কাজিরশিমলা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশে একটি মাহিন্দ্রা দাঁড়িয়ে ছিল। এ সময় ময়মনসিংহের দিকে যাচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। একই দিক থেকে আসা ইউনাইটেড পরিবহনের একটি বাস প্রথমে দুটি মাহিন্দ্রাটিকে ধাক্কা দেয়। পরে বাসটির সঙ্গে সিএনজির সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহত ছয়জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতরা সবাই মাহিন্দ্রা ও সিএনজির যাত্রী বলে জানান যায়।

দুর্ঘটনার বর্ণনা দিয়ে বাসের এক যাত্রী বৃষ্টি আক্তার জানান, বাসের চালক হটাৎ অজ্ঞান হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে চালকের সহযোগী বাসটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।

এদিকে দুটি মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দেওয়ার পর বাসটি মহাসড়কের পাশে প্যাসিফিক আইডিয়াল হাই স্কুলের সীমানাপ্রাচীরে আঘাত করে উল্টে যায়। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে। এবং আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন