গোপালগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে আহত ৪০

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া এলাকায় মাইক্রোবাস, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) রাতে ঢাকা-খুলনা মহাসড়কে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপালগঞ্জ থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস ডুমদিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঠিক সে সময় পেছন থেকে ‘ফাল্গুনী পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস মাইক্রোবাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনটি যানবাহনই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং অন্তত ৪০ জন যাত্রী ও আরোহী আহত হন।খবর পেয়ে গোপালগঞ্জ সদর থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করেন। তাদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর পরই ঢাকা-খুলনা মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং প্রায় ৩০ মিনিট যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে উদ্ধার কাজ সম্পন্ন করলে মহাসড়কে যানবাহন চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, একই মহাসড়কের সদর উপজেলার জয়েনিয়াকান্দি এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরও তিনজন আহত হয়েছেন। উদ্ধারকর্মীরা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেছেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন