গোপালগঞ্জের বিভিন্ন স্থানে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৯তম জন্মবার্ষিকী পালন করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। এসব ঘটনায় এখন পযর্ন্ত কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার চন্দ্রদিঘলীয়ায় জেলা ছাত্রলীগের ব্যানারে একটি মিছিল বের করা হয়। ছাত্রলীগ নেতা বিএম ইউনুস ভূঁইয়ার নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়। পরে নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করে কেক কাটেন। এতে সড়কের উভয় পাশে শতাধিক যানবাহন আটকে পড়ে চরম যানজটের সৃষ্টি হয়।
একই সময়ে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের ভেড়ার বাজার এলাকায় পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ওমর ফারুক খান রিপনের নেতৃত্বে একটি মিছিল বের হয়। এতে নেতাকর্মীরা রঙিন ধোঁয়া উড়িয়ে বিভিন্ন স্লোগান দেন। পরবর্তীতে সড়কের ওপর অবস্থান নিয়ে কেক কেটে জন্মদিনের কর্মসূচি পালন করেন তারা।
এদিকে, শহরের আবু সাঈদ সড়ক থেকে সদর উপজেলা ছাত্রলীগ নেতা শেখ রাবিদের নেতৃত্বে অপর একটি মিছিল বের হয়ে ঢাকা-খুলনা মহাসড়কে গিয়ে শেষ হয়। পরে সেখানেও কেক কাটা হয়।
এছাড়া জেলার বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও কেক কাটার খবর পাওয়া গেছে। পরবর্তীতে আয়োজিত এসব কর্মসূচির ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
এদিকে, রবিবার রাতে টুঙ্গিপাড়া উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মীকে আটক করে পুলিশ।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ বলেন, মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মীকে আটক করা হয়েছে। এছাড়া জেলায় মিছিল করে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
খুলনা গেজেট/এনএম

