২০২৭ সালের ১৪ মার্চ থেকে আগামী বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। যা শেষ হবে একই বছরের ১৫ এপ্রিল। সোমবার (২৪ আগস্ট) দুপুরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রধান ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আক্তারুজ্জামান চ্যানেল টোয়েন্টিফোরকে এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সম্প্রতি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আগামী বছরের ৭ জানুয়ারি থেকে ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে বলে ঘোষণা দিয়েছিলেন। তবে নতুন বছরে পবিত্র রমজানের রোজা ও ঈদুল ফিতরের ছুটির কথা বিবেচনায় এই সিদ্ধান্ত পরিবর্তনের সিদ্ধান্ত নেয় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
গত ১০ আগস্ট চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফল অনুযায়ী, চলতি বছর এসএসসি ও সমমানে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। যেখানে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। সেই সঙ্গে ওই বছর মোট ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল।
খুলনা গেজেট/এএজে

