ডুমুরিয়ায় আমভিটায় মেলার নামে মাদক ও জুয়ার আসরের প্রস্তুতি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

উত্তর ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়া উপজেলার রামকৃষ্ণপুর (আমভিটা) এলাকায় শ্যামাকালী পূজাকে কেন্দ্র করে জুয়া, অশ্লীল নৃত্য ও মাদকসেবনের আসর বসাতে সপ্তাহব্যাপী মেলা প্রস্তুতির অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, একটি পক্ষ রাজনৈতিকভাবে প্রভাবশালী কয়েকজন আড়াল থেকে স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মীকে ব্যবহার করে মেলার অনুমোদন নেওয়ার চেষ্টা করছে।

স্থানীয়দের অভিযোগ, অতীতে পূজার সময় আমভিটা স্কুল মাঠে অপেরার পাশাপাশি জুয়ার আসর বসানো হয়। এসব আয়োজনকে কেন্দ্র করে প্রকাশ্যে চলে মাদক বিক্রি ও সেবন। এতে এলাকার স্বাভাবিক পরিবেশ, সামাজিক নিরাপত্তা ও শিক্ষার্থীদের ওপর নেতিবাচক প্রভাব পড়ে বলে দাবি স্থানীয়দের। রাতের বেলায় বহিরাগতদের আনাগোনায় সাধারণ মানুষ উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় ভোগেন বলেও তারা জানান।

এলাকাবাসীর দাবি, ধর্মীয় পূজা ও ঐতিহ্যবাহী মেলার আড়ালে জুয়া, মাদক কিংবা অশালীন বিনোদনের সুযোগ দেওয়া উচিত নয়। তাদের আশঙ্কা, মেলার অনুমতি দেওয়া হলে অতীতের মতো এসব কর্মকা- আবারও শুরু হতে পারে।

এমতাবস্থায় আমভিটা এলাকার শান্তি, নিরাপত্তা ও সামাজিক পরিবেশ রক্ষায় মেলার অনুমতি দেওয়ার আগে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিরপেক্ষভাবে যাচাই-বাছাই এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। একই সঙ্গে খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলী আসগর লবির হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন