গোপালগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জে ইমাম রেজা (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে স্বজনদের দাবি তাকে হত্যা করে পরিত্যক্ত ঘরের জানালার সাথে ঝুলিয়ে রাখা হয়েছে।

আজ বুধবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর এলাকার একটি পরিত্যক্ত ধানের মিলের ঘর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শফিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ইমাম বরিশাল জেলার জহিরুল মৃধার ছেলে। সে সদর উপজেলার উলপুর পূর্বপাড়া গ্রামে মামা বাড়ির এলাকায় মায়ের সাথে থাকতো এবং গোপালগঞ্জ শহরের একটি শাড়ির দোকানের কর্মচারী ছিলো।

নিহতের মা আফি বেগম বলেন, আমার ছেলে গোপালগঞ্জ শহরের একটি শাড়ির দোকানের কাজ করতো। আমার ছেলেকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। সুষ্ঠু তদন্ত করে আমি আমার ছেলের হত্যাকারীদের গ্রেপ্তার করার জন্য প্রশাসনের কাছে দাবি জানাই।

বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শফিউল আলম জানান, সকালে সদর উপজেলার উলপুর এলাকার একটি পরিত্যক্ত ধানের মিলের ঘরের জানালার সাথে বেল্ট দিয়ে ইমাম রেজার ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও রক্তের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন