আদালতে হাজির না হওয়ায় চিত্রনায়িকা পরীমনির জামিন বাতিল করে অভিযোগ গঠনের আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। তবে পরীমনির আইনজীবীর সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে মাদক মামলাটির অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ১৭ নভেম্বর অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য করেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত এ শুনানির দিন ধার্য করেন।
এদিন পরীমনির পক্ষে আইনজীবী আদালতে হাজির হয়ে সময়ের আবেদন করেন। আবেদনে তিনি জানান, কিছুদিন আগে পায়ে আঘাত পাওয়ার পর পরীমনি অসুস্থ ছিলেন। হঠাৎ ব্যথা বেড়ে যাওয়ায় তার চলাফেরায় সমস্যা হচ্ছে। এ কারণে তিনি আদালতে উপস্থিত হতে পারেননি।
অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ মোয়াজ্জম হোসেন সময়ের আবেদনের বিরোধিতা করেন। তিনি আদালতে বলেন, মামলাটি অভিযোগ গঠনের পর্যায়ে রয়েছে। পরীমনি দীর্ঘদিন ধরে আদালতে ব্যক্তিগতভাবে উপস্থিত না হয়ে সময় নিচ্ছেন, যা গ্রহণযোগ্য নয়। তাই তার জামিন বাতিল করে অভিযোগ গঠনের আদেশ দেয়া উচিত।
তিনি পরীমনির জামিন বাতিলের পাশাপাশি অভিযোগ গঠনের শুনানি করার আবেদন জানান। একই সঙ্গে আইনজীবীর মাধ্যমে তার হাজিরা গ্রহণের আবেদনও নাকচের দাবি করেন।
দুই পক্ষের বক্তব্য শোনার পর আদালত পরীমনির সময়ের আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ১৭ নভেম্বর নতুন দিন ধার্য করা হয়।
খুলনা গেজেট/এএজে

