সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে কপোতাক্ষ নদ পেরিয়ে ট্রলারে করে তার মরদেহ শ্যামনগরের গাবুরার সরদারপাড়ায় পৌঁছায়।
মরদেহের সঙ্গে তার বাবা মাসুম বিল্লাহসহ পরিবারের অন্য স্বজনেরা উপস্থিত ছিলেন। রাত ১২টা ৩৫ মিনিটে গাবুরা পশ্চিম পাড়া সরদার বাড়ি জামে মসজিদের পাশে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরিয়মকে দাফন করা হয়। জানাজায় স্থানীয় ইউপি সদস্য গোলাম মোস্তফা ও শ্যামনগর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
মরিয়মের স্বজন ও স্থানীয়রা জানান, ২০০৯ সালের ঘূর্ণিঝড় আইলার সময় দুই-তিন বছর বয়সে পরিবারসহ ঢাকায় পাড়ি জমায় মরিয়ম। ফলে শৈশব থেকেই সে ঢাকায় থেকে লেখাপড়া করত। তার এমন অকালমৃত্যু ও ঘটনাটি নিয়ে এলাকায় নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, গত রবিবার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার বাবা মাসুম বিল্লাহ শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় মরিয়মের স্বামী সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে; তবে অন্য আসামি ওবায়দুর এখনো পলাতক রয়েছেন।

