নগরীতে চুরির অপবাদে আজমল ওরফে আযম (২৩) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে ওই যুবককে হরিণটানা থানার ইসলামনগর মসজিদ গলিতে এ ঘটনা ঘটে।
জানা যায়, চুরির অপবাদে প্রথমে আজমল ওরফে আযমকে মারধর করা হয়। পরবর্তীতে তাকে রাত দেড়টার দিকে চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত যুবক চুয়াডাঙ্গা জেলা সদরের কুতুবের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজমল খুবি’র খাজা হলের বিপরীত গলির আকিবের বাড়ির পঞ্চমতলার একটি মেসে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে। শুক্রবার রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিয়ে কয়েকজন তাকে মারধর করতে থাকে। এক পর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।
হাসপাতালের একটি সূত্র জানায়, হাসপাতালে আনার সময়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দেওয়া কয়েকজনের দেওয়া ভাষ্য চুরি করে পালানোর সময় লাফ দিয়ে গুরুতর আহত হয় আজমল। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুমেকে আনা হয়। তবে ওই সূত্রটি জানায়, মৃত আজমলের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়। এছাড়া তার মাথার চুল কেটে দেওয়ার নমুনা পাওয়া গেছে। তার মৃত্যুর কথা জানতে পেরে বহনকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
হরিণটানা থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল হোসেন বলেন, গভীর রাতে কয়েকজন যুবক আজমলকে চুরির অপবাদ দিয়ে মারধর করে। রাত আড়াইটার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তবে মৃৃত্যু নিয়ে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে। স্থানীয়রা ঘটনা সম্পর্কে পরিস্কার কোনো ধারণা দিতে পারছে না। মৃত যুবক নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানতে পেরেছেন।
তিনি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি টিম কাজ করছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে। থানায় অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।
খুলনা গেজেট/সাগর/এনএম

