বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ সন্ত্রাসী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর দুটি পৃথক সন্ত্রাসবিরোধী অভিযানে ১১ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে বুধবার (৯ সেপ্টেম্বর) জানিয়েছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

খারান ও ওয়াশুক জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে সন্ত্রাসীদের একাধিক আস্তানা ধ্বংস করা হয়। একই সঙ্গে বিপুল পরিমাণ বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে। খবর সামা টিভির।

আইএসপিআর জানায়, গত ৬ ও ৭ সেপ্টেম্বরের মধ্যবর্তী রাতে এসব অভিযান চালানো হয়। ৬ সেপ্টেম্বর খারান এলাকায় সন্ত্রাসীরা সড়ক অবরোধ করে যানবাহন চলাচল ব্যাহত করার চেষ্টা করে। এরপর নিরাপত্তা বাহিনী তাদের বিরুদ্ধে অভিযান শুরু করলে আটজন সন্ত্রাসী নিহত হয়।

পাকিস্তানি সেনাবাহিনীর দাবি, নিহতরা ভারতীয় পৃষ্ঠপোষকতায় কাজ করছিল। অভিযানে ‘ফিতনা-উল-খাওয়ারিজ’ গোষ্ঠীর সদস্যদের ব্যবহৃত কয়েকটি আস্তানাও ধ্বংস করা হয়েছে।

পরদিন ৭ সেপ্টেম্বর ওয়াশুক জেলায় আরও একটি গোয়েন্দাভিত্তিক অভিযান চালানো হয়। সেখানে আরও তিনজন সন্ত্রাসী নিহত হয়। অভিযান শেষে একটি আস্তানা থেকে ২ দশমিক ৯ টন বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে আইএসপিআর জানিয়েছে।

দুই অভিযানে মোট ১১ জন সন্ত্রাসী নিহত হওয়ার খবর দিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী।

এই সফল অভিযানের পর নিরাপত্তা বাহিনীর পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন