বাংলাদেশি সন্দেহে ছত্তীসগঢ়ে গ্রেপ্তার করা হল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের সূতি এবং সমশেরগঞ্জের ২৩ জন পরিযায়ী ফেরিওয়ালাকে। পরিবার সূত্রে খবর, কয়েক মাস আগে পেটের তাগিদে ছত্তীসগঢ়ের বিলাসপুরে জিনিসপত্র ফেরি করতে গিয়েছিলেন সূতি ও সামশেরগঞ্জের ওই বাসিন্দারা। বাসনপত্র এবং ঘরোয়া সামগ্রী নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বিক্রি করেই তাঁরা সংসার চালাতেন।
স্বজনদের দাবি, ছত্তীসগঢ়ে যাওয়ার পর প্রয়োজনীয় সমস্ত নথিপত্র স্থানীয় থানায় জমা দিয়েই কাজ শুরু করেছিলেন তাঁরা। তবু গত শুক্রবার, অর্থাৎ ৪ সেপ্টেম্বর বেশ কয়েকজন ফেরিওয়ালাকে স্থানীয় থানায় ডেকে পাঠানো হয়। এরপরেই তাঁদের প্রথমে আটক এবং পরে গ্রেপ্তার করা হয়। রবিবার (৬সেপ্টেম্বর) বিলাসপুর জেলা আদালতে তাঁদের সোপর্দ করা হয়।
আত্মীয়-স্বজনদের আরো অভিযোগ, তারা সবধরণের ডকুমেন্টস জমা দিলেও তাদের উপর গভীর ষড়যন্ত্র হচ্ছে । বাংলা ভাষায় কথা বলাটাই তাদের কাল হয়েছে। ভোটার আইডি, আধার কার্ড ও রেশন কার্ড সহ সব ধরণের ডকুমেন্ট জমা দিলেও তাদের কবে জামিন হবে তা অনিশ্চিত। ছত্তীশগড় বিজেপি শাসিত বলেই এই ষড়যন্ত্র ।

