সাতক্ষীরায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইউনুস আলী নামের এক ঝাল মুড়ি বিক্রেতা ও আব্দুর রাজ্জাক নামের একজন কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৬টায় সাতক্ষীরা শহরের কামালনগর এলাকায় এবং সকাল ৯টার দিকে শ্যামনগর উপজেলার ছোটভেটখালী গ্রামে পৃথক এই ঘটনা ঘটে।
নিহত ঝালমুড়ি বিক্রেতা মো. ইউনুস আলী (৪৮) সাতক্ষীরা শহরের কামালনগর এলাকার রহমত আলীর ছেলে। তার গ্রামের বাড়ি ঢাকার বিক্রমপুর এলাকায়। কৃষক মো. আব্দুর রাজ্জাক শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ছোটভেটখালী গ্রামের বাসিন্দা।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ইউনুস আলী সাতক্ষীরা সরকারি গার্লস স্কুলের সামনে ঝালমুড়ি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের মতো ভোর ৬টার দিকে ঝালমুড়ি বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন ইউনুস হোসেন। এসময় ঘরের পাশে থাকা তার ঝালমুড়ি বিক্রির ভ্যানগাড়িটি স্পর্শ করার সাথে সাথেই বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।
খোঁজ নিয়ে জানা যায়, ইউনুস আলীর ঘরের উপর দিয়ে বয়ে যাওয়া স্থানীয় উদয়ন স্কুলের বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে ঘরের পাশে রাখা তার ভ্যানের উপর পড়ে। সকালে বাইরে যাওয়ার জন্য ভ্যান স্পর্শ করার সাথে সাথে বিদ্যুৎতায়িত হয়ে সে মারা যায়।
তার এই আকস্মিক ও হৃদয়বিদারক মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে রোববার (৬ সেপ্টেম্বর) শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ছোটভেটখালী গ্রামের কৃষক আব্দুর রাজ্জাক সকাল ৯টার দিকে নিজ বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
খুলনা গেজেট/এনএম

