গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত অন্তত ৩০

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। আজ রোববার (৬ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে এখন পর্যন্ত নিহত তিনজনের নাম পরিচয় নিশ্চিত করতে পারিনি পুলিশ। মারাত্মক আহত ১২ জনকে মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব ১৫-৯০৩৭) মহাসড়কের গেড়াখোলা এলাকার ব্রিজের পাশে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ফেলে দেয়। এতে বাসটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলে নারীসহ তিনজন নিহত হন। আহত হন আরও অন্তত ৩০ জন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।

মারাত্মক আহত ১৭ জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে প্রেরণ করা হয়েছে। এখন পর্যন্ত নিহতদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহতদের সংখ্যা বাড়তে পারে।

দুর্ঘটনার খবর পেয়ে মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির ঘটনাস্থল পরিদর্শন করেন।

বাসে থাকা জিয়া নগর পিরোজপুর থেকে আসা আহত যাত্রী আব্দুল্লাহ জানান, চালকের অতিরিক্ত গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাসে প্রায় ৪০ জন যাত্রী ছিলো। এদের মধ্যে তিনজন ঘটনাস্থলে মারা যায়। বাকিরা আহত হয়েছে।

মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, নিহত তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গাড়ি চলাচল স্বাভাবিক আছে।

মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির জানান, দুর্ঘনায় ৩ জন নিহত হয়েছে, প্রায় ৩০ জন আহত হয়েছে। আহতরা স্থানীয় হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এখনো নিহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন