মার্কিন হামলায় ওমান উপসাগরে ডুবল ইরানি ট্যাংকার

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের হামলায় ওমান উপসাগরে ডুবে গেছে ইরানের তেলবাহী ট্যাংকার ‘এম/টি কায়লো’।

হামলার পর ট্যাংকারটি ডুবে যাওয়ার ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যবিষয়ক ইউনিট সেন্টকম।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ‘কায়লো’সহ তিনটি ট্যাংকারে হামলা চালায় মার্কিন সেনারা। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড তাদের একটি যুদ্ধজাহাজে হামলা চালিয়েছিল। এর জবাবেই ইরানের তেলবাহী ট্যাংকারগুলোকে লক্ষ্যবস্তু করা হয়।

রোববার সকালে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত ‘কায়লো’ ধীরে ধীরে পানিতে তলিয়ে যাচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সেন্টকম বলেছে, ‘মার্কিন সামরিক বাহিনীর সেনাদের পেশাদারিত্ব ও নিখুঁততার কারণে’ এম/টি কায়লো ওমান উপসাগরে ডুবে গেছে। ট্যাংকারটি এখন সমুদ্রের নিচে থাকা ইরানের নৌবাহিনীর সঙ্গে ‘যোগ দিয়েছে’ বলেও মন্তব্য করেছে সংস্থাটি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরুর পর থেকেই ইরানের নৌবাহিনীকে পুরোপুরি ধ্বংস করার দাবি করে আসছে যুক্তরাষ্ট্র। ইরানের বেশির ভাগ যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবিও করেছে তারা।

কায়লো ডুবে যাওয়ার ঘটনায় সেন্টকমের বক্তব্যে সেই দাবিরই পুনরাবৃত্তি হয়েছে। অর্থাৎ আগে ইরানের নৌবাহিনীর যেসব জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করেছিল যুক্তরাষ্ট্র, নতুন করে সেই তালিকায় যুক্ত হলো কায়লো।

এদিকে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। তারা যুক্তরাষ্ট্রের তিনটি যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে। পাশাপাশি অনুমতিবিহীন রুটে চলাচলের অভিযোগে হরমুজ প্রণালিতে আরো তিনটি বাণিজ্যিক জাহাজে হামলা চালানো হয়েছে।

ইরানের এই হামলার বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন