খুলনার ভৈরব নদে ট্রলার ও ফেরির সংঘর্ষের ঘটনায় নিখোঁজ রাকিব খানের সন্ধান পাওয়া যায়নি। গতকাল শনিবারও ট্রলার ভাড়া করে পরিবারের সদস্যরা নদীর বিভিন্নস্থানে খোঁজ নেয়। কিন্তু কোথাও তাকে না পেয়ে ফিরে আসেন তারা। দিন যত যাচ্ছে ততই পরিবারের মধ্যে উদ্বেগ ও উৎকন্ঠা বাড়ছে।
রূপসা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: আবুল খায়ের বলেন, শনিবার রাত পর্যন্ত তার সন্ধান আমরা কোথাও পায়নি। পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে। আজও (গতকাল) নদীর বিভিন্নস্থানে খোঁজ নেওয়া হয়েছে।
রাকিবের মামা কামরুল ইসলাম বলেন, সকালে ট্রলার ভাড়া করে আমরা বটিয়াঘাটা পর্যন্ত যায়। সকালে নদীর একপাশ দিয়ে এবং ফেরার সময় অন্যপাশ দিয়ে আসি। নদীতে থাকা জেলেদের মোবাইল নম্বর দিয়েছি। তারা সংবাদ পাওয়া মাত্র আমাদের জানাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ফিরে আসার খবর সত্য কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, তারা মিথ্যা রটনা রটাচ্ছে। তাকে পাওয়া গেলে গণমাধ্যমকে খবর জানানো হবে।
খুলনা থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, সকালে নিখোঁজ রাকিবের মা আমার কাছে এসেছিলেন ছেলের সন্ধান জানতে। তাকে পাওয়া গেছে কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এখনও পর্যন্ত তার উদ্ধারের খবর আমার কাছে পৌছায়নি।

