যশোরের অভয়নগর উপজেলার একতারপুর গ্রামের বাড়ি থেকে জাফর (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে ঘরের দরজা ভেঙে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার হয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, জাফরের সঙ্গে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে কলহ চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জের ধরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়রা জানান, বুধবার সকালে জাফরের ঘরের দরজা দীর্ঘ সময় বন্ধ থাকায় প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে জাফরকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহটি যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শেখ লুৎফর রহমান জানিয়েছেন, জাফরের মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। এটি আত্মহত্যা নাকি মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্ত শেষে স্পষ্ট হওয়া যাবে। এই মুহুর্তে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
খুলনা গেজেট/এনএম

