খুলনার ভৈরব নদে ফেরি ও ট্রলারের ধাক্কায় রাকিব খান নামে এক যুবক নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তাকে উদ্ধারে অভিযানে চালাচ্ছে নৌবাহিনী, নৌ-পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার বিভাগের সদস্যরা। নিখোঁজ রাকিব রূপসা উপজেলার সেনের বাজার এলাকার হাজী গ্রামের বাকের খানের ছেলে।
এর আগে মঙ্গলবার রাতে ভৈরব নদীতে ফেরি ও ট্রলারের সংঘর্ষ হয়। এ সময় ট্রলারটি মাঝ নদীতে ডুবে যায়। ট্রলারে থাকা সকল যাত্রীকে উদ্ধার করা গেলেও রাকিব নামে এক যুবক নিখোঁজ রয়েছে।
নৌ পুলিশ রূপসা ফাঁড়ির ইনচার্জ মো: আবুল খায়ের বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৪ টা পর্যন্ত আমরা রাকিবের সন্ধানে নদীতে ছিলাম। বুধবার সকাল সাড়ে ৭টা থেকে আবারও উদ্ধার অভিযান শুরু হয়েছে। এ অভিযানে নৌ পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা অংশ নিয়েছেন।
তিনি আরও বলেন, নিখোঁজ রাকিব বিভিন্ন অনুষ্ঠানে নাচে অংশ নিতেন। মঙ্গলবার রাতে বাড়ি ফেরার জন্য ট্রলারে ওঠেন এবং নিখোঁজ হন।
খুলনা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মাসুদ সরদার বলেন, সকালে নিখোঁজ রাকিবের সন্ধানে পরিবারের সদস্যরা আমাদের সাথে যোগাযোগ করেন। পরে সকাল ৯টার দিকে ডুবরীর একটি টিম ঘটনাস্থল ও আশপাশে উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু এখনও পর্যন্ত তার সন্ধান পাওয়া যায় নি।
এছাড়া ডুবে যাওয়া ট্রলারটিরও কোন সন্ধান পাওয়া যায়নি।
খুলনা গেজেট/সাগর/এনএম

