সাতক্ষীরার আদালতে বিচারকের শূন্য পদে দ্রুত নিয়োগের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালসহ যেসব আদালতে বিচারকের পদ শূন্য রয়েছে, সেসব আদালতে দ্রুত বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক সাতক্ষীরা শাখা।

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) সাতক্ষীরার সহযোগিতায় রোববার (৩০ আগস্ট) সকাল ১০টায় জেলা আইনজীবী সমিতির সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের জয়েন্ট কনভেনার মাধব দত্তের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, নেটওয়ার্কের আহ্বায়ক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, জেলা নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন বেলাল, সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি মোস্তফা আসাদুজ্জামান দিলু, জজ কোর্টের আইনজীবী সৌরভ হোসেন, নেটওয়ার্কের সদস্য সাবিনা ইয়াসমিন লিমা প্রমূখ।

বক্তারা বলেন, আদালতে বিচারক না থাকায় বিচারপ্রার্থী সাধারণ মানুষকে নানা ধরনের ভোগান্তির শিকার হতে হচ্ছে। মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা তৈরি হচ্ছে এবং বিচারপ্রার্থীদের ন্যায়বিচার পাওয়ার পথ কঠিন হয়ে পড়ছে। বিশেষ করে নারী ও শিশু নির্যাতনসংক্রান্ত মামলার বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে জরুরি ভিত্তিতে বিচারক নিয়োগের দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, বিচার বিভাগের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করতে সাতক্ষীরার যেসব আদালতে বিচারকের পদ শূন্য রয়েছে, সেসব পদে দ্রুত নিয়োগ দেওয়া প্রয়োজন। এতে মামলা জট কমার পাশাপাশি বিচারপ্রার্থীদের ভোগান্তিও অনেকাংশে কমবে।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সদস্যসচিব অ্যাডভোকেট মনিরুদ্দিন।

মানববন্ধনে ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সদস্য, আইনজীবী, মানবাধিকারকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন