ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। শনিবার রাতে ভাঙ্গা–টেকেরহাট মহাসড়কে নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-নগরকান্দা উপজেলার লস্করদিয়া এলাকার দলিলউদ্দিন মোল্লার ছেলে চয়ন মোল্লা, একই এলাকার এনায়েতের ছেলে নয়ন এবং আজগর শেখের ছেলে সজীব শেখ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে নগরকান্দা থেকে ভাঙ্গা গোলচত্বরে ঘুরতে আসেন। ফ্লাইওভারের নিয়নবাতির রাতের সৌন্দর্য উপভোগ শেষে তারা নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে মোটরসাইকেল চালক চয়ন মোল্লাসহ তিনজনই সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই চয়নের মৃত্যু হয় এবং তার দুই বন্ধু নয়ন ও সজীব গুরুতর আহত হন।
খবর পেয়ে হাইওয়ে থানা-পুলিশ স্থানীয়দের সহযোগিতায় চয়নের লাশ উদ্ধার করে এবং আহত দুজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটলে রাতেই জরুরি ভিত্তিতে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় বলে জানান কর্তব্যরত চিকিৎসক আখতার হোসেন।
পরবর্তীতে সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য স্বজনেরা তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে রওয়ানা হন। কিন্তু ঢাকায় নেওয়ার পথিমধ্যে একজন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অপরজনের মৃত্যু হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খুলনা গেজেট/এনএম

