মোরেলগঞ্জে ঘের দখল নিয়ে সংঘর্ষে আহত ১৫

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে ৪৮ বিঘা আয়তনের একটি মৎস্য ঘের দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বারইখালী ইউনিয়নের উত্তর সুতালড়ী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানান, গুরুতর জখম হওয়ায় নাজিম মাহমুদ জুয়েল (৪৫), মাহবুব জমাদ্দার (৫০), লিটন সরকার (৪৫) ও জুয়েল চৌকিদারকে (৩০) উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন মাসুদ শেখ রিদয় (২৭), এনায়েত ফকির (৩৮), ইব্রাহিম খলিল (২৮), সুজন তালুকদার (২৫) ও সুমন তালুকদার (৪০)।

অপর পক্ষের গুরুতর আহত রাজীব হাওলাদার (২৫), মারুফ হাওলাদার (২৭) ও শহিদ হাওলাদারকে (৫০) বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বিবাদমান ওই ঘেরটি গত আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের আগে আওয়ামী লীগ নেতাদের দখলে ছিল। পরে জমির মালিক ও বর্তমান ক্ষমতাসীনদের অনুসারীরা দখলে নেয়। ঘেরটি নিয়ে এর আগেও কয়েক দফা মারপিটের ঘটনা ঘটেছে। সালিশ বৈঠক হয়েছে এবং থানা ও আদালতে একাধিক মামলা চলমান রয়েছে। আহতরা সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

ঘেরটির মালিক দাবিদার নাজিম মাহমুদ জুয়েল বলেন, প্রতিপক্ষের রাকিব হাওলাদারের নেতৃত্বে ২৫-৩০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের ঘেরে হামলা করে। হামলায় ১১ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

অন্যদিকে প্রতিপক্ষের রাকিব হাওলাদার বলেন, জুয়েলের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল ঘেরটিতে হামলা চালিয়ে মাছ লুটপাট করে। এক পর্যায়ে তারা ঘেরের ঘরে অগ্নিসংযোগও করে। এ সময় এলাকাবাসী বহিরাগতদের ধাওয়া করলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন