লর্ডস টেস্টের প্রথম দিনে বল হাতে পাকিস্তানি পেসারদের যে ভয়াল রূপ দেখা গিয়েছিল, দ্বিতীয় দিনে তা ধরে রাখতে পারেননি মোহাম্মদ আব্বাস-মোহাম্মদ আলীরা। শেষ উইকেট জুটিতে গাস অ্যাটকিনসন ও জশ টাংয়ের দারুণ লড়াইয়ে নিজেদের প্রথম ইনিংসে ২৯০ রানের লড়াকু সংগ্রহ গড়েছে স্বাগতিক ইংল্যান্ড।
২৪৮ রানে ৯ উইকেট হারিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছিল ইংল্যান্ড। ফলে ধারণা করা হচ্ছিল আড়াইশর নিচেই হয়তো গুটিয়ে যাবে স্বাগতিকরা। তবে দ্বিতীয় দিনে পাকিস্তানের বোলারদের ধৈর্য পরীক্ষা নিয়ে দশম উইকেটে ৪৭ রানের গুরুত্বপূর্ণ জুটি বাঁধেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার অ্যাটকিনসন ও টাং। ফিফটির কাছাকাছি গিয়ে ৪৫ রানে অ্যাটকিনসন আলী উসমানের শিকার হলেও ৩০ রানে অপরাজিত থাকেন জশ টাং। এর আগে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। মোহাম্মদ আব্বাসের তোপে শুরুতেই ব্যাকফুটে চলে যায় স্বাগতিকরা। দলীয় ২৬ রানে দুই ওপেনার এমিলিও গে (৮) ও বেন ডাকেটকে (১৭) সাজঘরে ফেরান আব্বাস। অধিনায়ক জো রুটকেও (৪) দ্রুত বিদায় করেন তিনি। এরপর জর্ডান কক্সের ৫৫ এবং জেমি স্মিথের সর্বোচ্চ ৬১ রানের ওপর ভর করে প্রাথমিক বিপর্যয় সামাল দেয় ইংল্যান্ড।
পাকিস্তানের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন মোহাম্মদ আব্বাস, তিনি নেন ৪টি উইকেট। এছাড়া মোহাম্মদ আলী ৩টি এবং খুররাম শেহজাদ ও আলী উসমান একটি করে উইকেট শিকার করেন।
খুলনা গেজেট/এএজে

