সুথারের ঘূর্ণিতে নাস্তানাবুদ লঙ্কানরা, গলে ভারতের বড় জয়

ক্রীড়া প্রতিবেদক

গল টেস্টের প্রথম ইনিংসেই মানব সুথারের ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়েছিল লঙ্কান ব্যাটাররা। দ্বিতীয় ইনিংসে এই বাঁহাতি স্পিনার হয়ে উঠলেন আরও ভয়ঙ্কর। দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন মোট ১০টি উইকেট। আর তাতেই ১৬৫ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে সফররত ভারত।

নিজেদের দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করতে পেরেছিল ভারত। ফলে জয়ের জন্য ৩৭২ রানের লক্ষ্য পায় শ্রীলঙ্কা। রান তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। ইনিংসের সপ্তম ওভারে ওপেনার নিশান মদুশকাকে ফেরান ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। এরপর শুরু হয় ‘মানব সুথার শো’। তার সঙ্গে উইকেট নেওয়ার উৎসবে যোগ দেন জাদেজারাও। তাতেই সাজঘরের পথ ধরতে থাকেন একের পর লঙ্কান ব্যাটার। মাত্র ৪৭ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকেই যায় শ্রীলঙ্কা।

আউট হওয়ার আগে নিশান ৬, পাসিন্দু শূন্য, কামিন্দু মেন্ডিস ২ ও লাহিরু উদারা ১৬ রান করেন। তবে পঞ্চম উইকেটে দলনেতা ধনঞ্জয়া ডি সিলভাকে নিয়ে দলের হাল ধরেন আগের ইনিংসের সেঞ্চুরিয়ান সোনাল দিনুশা। দুজন মিলে গড়েন ৯৫ রানের জুটি। দুজনই ফিফটির দেখা পেয়েছেন। তবে সেঞ্চুরি পূরণ করতে পারেননি কেউই। ব্যক্তিগত ৫৯ রানে রবীন্দ্রো জাদেজার করা বলে সাজঘরে ফেরেন সিলভা।

এদিকে সেঞ্চুরির পথেই ছিলেন সোনাল। কিন্তু মানব সুথারের করা বলে ধ্রুব জুরেলের হাতে ক্যাচ তুলে দিলে ৮৪ রানে থামে তার ইনিংস। পরে খুব একটা সুবিধা করতে পারেননি কেউই। দিকভেলা ১০ ও নুয়ান্থা ২০ রান করেন। আর রানের খাতা খুলতে পারেননি প্রবাথ জয়সুরিয়া ও লাহিরু কুমারা। আর শূন্য রাতে অপরাজিত থাকেন আসিথা ফার্নান্দো। শ্রীলঙ্কার ইনিংস থামে ২০৬ রানে।

ভারতের পক্ষে সর্বোচ্চ ছয়টি উইকেট নেন মানব সুথার। প্রসিদ্ধ কৃষ্ণা পেয়েছেন দুটি উইকেট। আর একটি করে উইকেট নেন মোহাম্মদ সিরাজ ও রবীন্দ্রো জাদেজা।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন