যশোরে ছাদ থেকে পড়ে গৃহকর্তার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর শহরতলীর রাজারহাট এলাকায় তিনতলার ছাদ থেকে পড়ে সাহেব আলী (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১৭ আগস্ট) সকালে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাহেব আলী নড়াইল সদর উপজেলার সাহাবাদ বাজারের মৃত রাজ্জাক মোল্লার ছেলে। তিনি রাজারহাট কোল্ডস্টোরের সামনে আব্দুর রউফের বাড়ির ভাড়াটিয়া ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকাল ৯টার দিকে তিনি তিনতলার ছাদে উঠে কবুতরের ঘর মেরামত করছিলেন। এ সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ১০টার দিকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল জানান, মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন