আলোচিত নাসির উদ্দিন ইয়াবাসহ গ্রেপ্তার, যুবদল থেকে বহিস্কার

নিজস্ব প্রতিবেদক ‎

‎নগরীর মিয়াপাড়া এলাকায় র‌্যাব-৬ এর সদস্যরা অভিযান চালিয়ে তিন হাজার ৯৫৮ পিস ইয়াবা উদ্ধার করেছে। এ সময় বিএনপি’র মিডিয়া সেলের কার্ড থাকা জেলা যুবদলের সদস্য নাসির উদ্দিন সেন্টুসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার সকাল পৌনে ৯টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‌্যাব। রাতে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে বলে সদর থানা পুলিশ জানায়। অভিযানের সময় সেন্টুর বাড়ি থেকে তিনটি কার্ড উদ্ধার করা হয়। তার মধ্যে বিএনপি মিডিয়া সেলের একটি কার্ড ছিল।

গ্রেপ্তার অন্যান্যরা হলেন, সেন্টুর স্ত্রী সাফিয়া বেগম, কক্সবাজারের উখিয়ার ইয়াবা পরিবহণকারী মারিয়াম ও আয়েশা।

‎এদিকে গতকাল জেলা যুবদলের সদস্য পদ থেকে এসএম নাসির উদ্দিন সেন্টুকে বহিষ্কার করেছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে খুলনা জেলা যুবদলের সদস্য এসএম নাসির উদ্দিনকে বহিষ্কার করা হয়।

‎র‌্যাবের একটি সূত্র জানায়, গত এক বছর ধরে নাসির উদ্দিন সেন্টু মিয়াপাড়া এলাকার একটি বাড়িতে অবস্থান করে মাদকের কারবার করে আসছিল। তার স্ত্রী মূলত এ ব্যবসার নিয়ন্ত্রণ করতেন এবং খুলনার অন্যান্য ব্যবসায়ীদের সাথে যোগাযোগ রাখতেন।

‎সূত্রটি আরও জানায়, গত দুইদিন আগে কক্সবাজার থেকে ইয়াবার একটি চালান খুলনায় আসছে, এমন একটি সংবাদ র‌্যাব সোর্সের মাধ্যমে পায়। সেই সূত্র ধরে একটি মোবাইল ফোন নম্বর শনাক্ত করে র‌্যাব সদস্যরা। ওই নম্বর ট্রাক করে মিয়াপাড়ার একটি লোকেশন শনাক্ত করে তারা। গত শুক্রবার মধ্যরাত থেকে মিয়াপাড়ায় সিভিল পোশাকে সেন্টুর বাড়ির সামনে অবস্থান করতে থাকে র‌্যাব সদস্যরা। ৪-৫ ঘণ্টা কঠোর পরিশ্রম করে সকাল পৌনে ৯টার দিকে র‌্যাবের সদস্যরা সেন্টুর বাড়িতে প্রবেশ করে এবং তাদের দেখানো স্থান থেকে তিন হাজার ৯৫৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থল থেকে তিনটি কার্ড উদ্ধার করা হয়। তার মধ্যে একটি টাউন ক্লাব, অন্যটি প্রবাহ নিউজের পরিচয়পত্র এবং তৃতীয়টি বিএনপি’র মিডিয়া সেলের কার্ড।

‎গ্রেপ্তার হওয়া অপর দুই জনের সম্পর্কে সূত্রটি জানায়, তারা টাকার বিনিময়ে বিভিন্ন স্থানে মাদক পরিবহন করে থাকে এবং পরিবহন বাবদ তারা মোটা অঙ্কের অর্থ পেয়ে থাকে।

‎খুলনা সদর থানার এসআই সাত্তার বলেন, রাতে র‌্যাব তাদের থানায় হস্তান্তর করে। র‌্যাবের একজন সদস্য বাদী হয়ে চার জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছেন।

‎এদিকে, দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগে সতর্কবার্তা দিয়েছে বিএনপির মিডিয়া সেল। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিডিয়া সেলের নামে পরিচালিত বিভিন্ন ভুয়া পেজ, গ্রুপ ও কমিউনিটি সম্পর্কে নেতাকর্মী এবং সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান হয়। যা গত ৮ জুন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

‎ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিএনপি মিডিয়া সেলের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশে জেলা বা মহানগর পর্যায়ে এ নামে কোনো কমিটি গঠন করা হয়নি। যে-সব ব্যক্তি বা গোষ্ঠী নিজেদের মিডিয়া সেলের অনুমোদিত কমিটি দাবি করছে, তাদের সঙ্গে বিএনপি মিডিয়া সেলের কোনো সম্পৃক্ততা নেই। এতে আরও বলা হয়, অননুমোদিত ও ভুয়া কমিটি প্রদানকারীদের বিরুদ্ধে দলের শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হবে বলে সতর্ক করা যাচ্ছে। সাধারণ নেতাকর্মী ও সাংবাদিকদের এসব বিভ্রান্তিকর তথ্য ও তালিকা থেকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন