বটিয়াঘাটায় যুবদলের সদস্য সচিবের বাড়িতে গুলি

নিজস্ব প্রতিবেদক

উপজেলা যুবদলের সদস্য সচিব বাহদুর মুন্সির ঘর লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়ন তেতুলতলা গ্রামে ঘটনা ঘটে। ঘটনার পরপর সেখানে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হন। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত পৌনে আড়াইটার দিকে দুইটি মোটরসাইকেল যোগে ৬ জন সন্ত্রাসী জলমা ইউনিয়নের তেতুলতলা গ্রামে প্রবেশ করে। এর কিছুক্ষণ পরে কয়েকটি গুলির শব্দ পান তারা। এর পর তারা উপজেলা যুবদলের সদস্য সচিব বাহদুর মুন্সির বাড়িতে ভিড় জমায়। তবে কি কারণে রাতের বেলায় এ অতর্কিত হামলা তা তারা নিশ্চিত করে বলতে পারেনি।

উপজেলা যুবদলের সদস্য সচিব বাহদুর মুন্সি বলেন, রাতে ঘরে ঘুমিয়ে ছিলাম। কয়েকটি গুলির শব্দ পেয়ে ঘুম ভেঙ্গে যায়। বাড়িতে অনেক মানুষের ভিড় ছিল তখন। এরপর বুঝতে পারি আমার ঘর লক্ষ করে দুর্বৃত্তরা গুলি চালিয়েছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলির খোসা উদ্ধার করে। সকালেও এসেছিল পুলিশ। কারা এবং গুলির কারণ কি তা তিনি নিশ্চিত করে বলতে পারেন নি।

তবে এলাকার একটি সূত্র জানায়, যুবদল নেতার ভাই সোহরাব মুন্সি উপজেলার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক। এছাড়া তিনি খুলনা থেকে প্রকাশিত দৈনিক তথ্যের উপজেলা প্রতিনিধি। তিনি বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত প্রতিবেদন প্রকাশ করতেন। তাছাড়া বিভিন্ন স্থানে বিচার-শালিস করতেন। মূলত তাকে ভয় দেখানোর জন্য গুলির কারণও হতে পারে বলে সূত্রটির দাবি।

খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মাদ তাজুল ইসলাম খুলনা গেজেটকে বলেন, গুলি বর্ষণের ঘটনায় যুবদল নেতার পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ দিলে ব্যবস্থা গ্রহণ করা হবে। কয়েকটি বিষয়কে সামনে রেখে গুলির ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তবে তিনি অতর্কিত এ গুলির প্রকৃত কারণ জানাতে পারেন নি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন