শেখ হাসিনাকে ফেরাতে গোপন তৎপরতা

খুকৃবি’র শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিবেদক

শেখ হাসিনাকে ফেরাতে ২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের গোপন তৎপরতা শীর্ষক সংবাদ ৪ আগস্ট একটি অনলাইন পত্রিকায় প্রকাশিত হয়। গোপন তৎপরতায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মোঃ আশিকুল আলমের নাম আসায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে। নোটিশে পাঁচ কার্য দিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

এছাড়া জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেওয়া বাকি শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের বিরুদ্ধেও তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়ের নবাগত ভিসি অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান সরকার।

খুলনা গেজেটকে ভিসি বলেন, পত্রিকায় নিউজে আমার বিশ্ববিদ্যালয়ের একজনসহ দেশের ৪০৪ জন শিক্ষক ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে বিবৃতি দিয়েছে এবং তারা কাজ করতে চাই। বিশ্ববিদ্যালয়ের পাবলিকেশন অফিসার বিষয়টি আমার নজরে আনেন। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তির সাথে সম্পর্কিত। বিশেষ করে সরকারের অবস্থানের সাথে এটা বিপরীতমুখী, অনেকটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া। সেই জায়গায় উনাকে আমরা শোকজ দিয়েছি। পাঁচ কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। এটার সাথে ওনার সংশ্লিষ্টতা কীভাবে হয়েছে, উনি যেন ব্যাখ্যা দেয়। ব্যাখ্যাটা পাওয়ার পর প্রয়োজনে অধিকতর তদন্তের ব্যবস্থা করব। আমরা যদি সন্তুষ্ট হই বা উনার এক্টিভিটিস দেখে মিডিয়াতে প্রতিবাদ দিয়েছে, তাহলে ভিন্নতরভাবে দেখব। সহজ কথা সরকারের যে অবস্থান তার সাথে আমরা শক্ত অবস্থানে আছি। জুলাই-আগস্ট অভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়া বাকি শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের ব্যাপারেও তদন্ত সাপেক্ষে কার্যকর ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি বলেন, ২৮ জুলাই দায়িত্ব নেওয়ার পর ৩০ জুলাই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সঙ্গে বসেছি। উনাদের মেসেজগুলি জানার চেষ্টা করেছি, একই সাথে আমার ফিলিংগুলি শেয়ার করার চেষ্টা করেছি। ব্যবস্থা গ্রহণের দাবি শিক্ষার্থীদের পক্ষ থেকেও এসেছে। উনারা চান সেটার একটা তদন্ত হোক।

তিনি আরও বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মরত অবস্থায় ওখানে ১৭ বছরের যে অন্যায়, অনিয়ম, নিপীড়ন নিয়ে তদন্ত কমিটি হয়েছিল। সেটার সদস্য সচিব হিসেবে কাজ করেছি এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩৩ জন শিক্ষক, কর্মকর্তার চাকরিচ্যুত হয়েছে। ৪০ জনের উপরে শিক্ষার্থীর সনদ বাতিল করা হয়েছে। এ ব্যাপারে আমরা এতটাই শক্ত ছিলাম।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন