ভারতের ঝাড়খণ্ডের ধানবাদ থেকে গ্রেপ্তার ‘মোস্ট ওয়ান্টেড’ শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা। তাঁর মাথার দাম ছিল এক কোটি টাকা। মঙ্গলবার রাতে গিরিডি এবং ধানবাদের সীমানা থেকে বেসরা এবং তাঁর দুই সঙ্গী মোচু ও সৌরভকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ঝাড়খণ্ড, বিহার এবং ছত্তীসগঢ়ে মাওবাদী কার্যকলাপের মূল দায়িত্বে ছিলেন বেসরা। বেশ কয়েক বছর ধরে পুলিশ এবং নিরাপত্তাবাহিনীর খাতায় ‘মোস্ট ওয়ান্টেড’ ছিলেন এই মাওবাদী নেতা। তাঁর খোঁজে তল্লাশি জারি রেখেছিল পুলিশ এবং গোয়েন্দা।
তদন্তকারী সূত্রের খবর, বেসরা বিরুদ্ধে খুন, নিরাপত্তাবাহিনীর উপর হামলা, তোলাবাজি, আইইডি বিস্ফোরণের মতো বহু মামলা ঝুলছে। কেন্দ্র সরকার এবং বেশ কিছু রাজ্য সরকার বেসরার মাথার দাম মিলিত ভাবে এক কোটি টাকা ঘোষণা করেছিল।
পুলিশ সূত্রে খবর, মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির শেষ সক্রিয় নেতা এই বেসরা। মূলত কোলহান, সারান্ডা এবং পরেশনাথ অঞ্চলে অত্যন্ত সক্রিয় ছিলেন তিনি। মাওবাদীদের সাংগঠনিক রণনীতি তৈরি এবং বিভিন্ন রাজ্যে দলের নেটওয়ার্ককে সক্রিয় রাখাই ছিল বেসরার কাজ। তবে একের পর এক তাঁর ঘনিষ্ঠ সঙ্গী, শীর্ষ নেতা ধরা পড়ায় এবং আত্মসমর্পণ করায় বেসরার নেটওয়ার্ক ক্রমশ দুর্বল হচ্ছিল বলে দাবি পুলিশের। ফলে বেসরাকে কোণঠাসা করতে পুলিশও তাদের সব সূত্র এবং নেটওয়ার্ক, সবক’টিকে কাজে লাগায়।
তদন্তকারীদের দাবি, বেসরার গ্রেপ্তারি ঝাড়খণ্ড-সহ পূর্ব ভারতে মাওবাদীদের কাছে একটা বড় ধাক্কা। তদন্তকারীরা মনে করছেন, বেসরাকে জেরা করে মাওবাদীদের আর নেতা এবং সদস্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে।
খুলনা গেজেট/এনএম

