দিল্লির যন্তরমন্তরে চলমান আন্দোলন ও অনশন কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে প্রবল ছাত্রবিক্ষোভে উত্তাল হলো তিলোত্তমা কলকাতা। শুক্রবার (২৪ জুলাই) সাতটি বামপন্থী ছাত্র সংগঠনের ডাকে আয়োজিত মহামিছিলটি কার্যত জনসমুদ্রে পরিণত হয়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আয়োজিত এই মিছিল থেকে দিল্লির ‘ককরাস’ রাজনীতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়।
এদিন কলকাতার অন্যতম ব্যস্ত এলাকা শিয়ালদহ স্টেশন চত্বর থেকে এই বিশাল মিছিল শুরু হয়। এরপর মিছিলটি শিয়ালদহ ফ্লাইওভার, নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতাল মোড়, মৌলালি মোড়, এস এন ব্যানার্জি রোড, তালতলা মোড়, জানবাজার ও কলকাতা কর্পোরেশন মোড় হয়ে ধর্মতলার চৌরঙ্গি মোড়ে গিয়ে শেষ হয়। ছাত্রদের এই অভূতপূর্ব যৌবন তরঙ্গে কার্যত স্তব্ধ হয়ে পড়ে মহানগরের একাংশ।
মিছিলে কলকাতা ছাড়াও দুই ২৪ পরগনা, হুগলি, হাওড়া, নদীয়া, পূর্ব বর্ধমান ও মুর্শিদাবাদসহ বিভিন্ন জেলার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক পড়ুয়া শামিল হন। মিছিল শেষে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে কেন্দ্র সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, দুর্নীতিগ্রস্ত শিক্ষানীতি ও ব্যবস্থার বিরুদ্ধে আগামী দিনে ছাত্রসমাজ রাত জেগে রাস্তা দখল করে অনির্দিষ্টকালের জন্য আন্দোলনে নামবে।
এদিনের এই যৌথ মহামিছিলের ডাক দিয়েছিল সাতটি বামপন্থী ছাত্র সংগঠন—এআইএসএফ (AISF), এসএফআই (SFI), পিএসইউ (PSU), ছাত্র ব্লক, আইসা (AISA), এআইডিএসও (AIDSO) এবং পিডিএসএফ (PDSF)।
খুলনা গেজেট/এএজে

