সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশি নিহত, আশঙ্কাজনক ২

ফরহাদ হুসাইন, মধ্যপ্রাচ্য প্রতিনি‌ধি

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কায় যাওয়ার পথে সৌদি আরবে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতের স্বামী ও বড় ছেলে গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন-তানিয়া তাহমিনা রিনা, তার ছোট মেয়ে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সাদাফ শাফিকুল ইসলাম এবং ছোট ছেলে জারগিস ইসলাম। নিহতদের নিজ বাড়ি ঢাকার শেরে বাংলা নগর থানার নর্থ শ্যামলীর ২ নম্বর রোডে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে পরিবারটি রিয়াদ থেকে গাড়িযোগে পবিত্র মক্কা নগরীর উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে তাদের বহনকারী গাড়িটি এক মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়লে ঘটনাস্থলেই মা তানিয়া তাহমিনা রিনা, মেয়ে সাদাফ এবং ছোট ছেলে জারগিস ইসলাম মারা যায়।

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তানিয়া তাহমিনা রিনার স্বামী শাফিকুল ইসলাম এবং তাদের বড় ছেলে। বর্তমানে তারা স্থানীয় একটি হাসপাতালে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

একই পরিবারের তিন সদস্যের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে ঢাকার নর্থ শ্যামলী এলাকাসহ স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করা হচ্ছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন