নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা

নিজস্ব প্রতিবেদক, নড়াইল 

নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নে জান্নাতুল নামে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। সোমবার (২০ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার রামচন্দ্রপুর পাচুড়িয়াপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে।

​নিহত জান্নাতুল ওই গ্রামের মফিজুর রহমানের মেয়ে।

​পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল ৬টার পর থেকে জান্নাতুলকে তার পরিবারের সদস্যরা কোথাও খুঁজে পাচ্ছিলেন না। দীর্ঘ সময় খোঁজাখুঁজির একপর্যায়ে প্রতিবেশী রবিউল শিকদারের ঘরের মধ্যে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

​নিহত শিশুর পরিবারের দাবি, একই এলাকার আতিয়ার শিকদারের ছেলে রবিউল শিকদার খাবারের প্রলোভন দেখিয়ে জান্নাতুলকে তার ঘরে ডেকে নিয়ে যায়। এরপর সেখানে তাকে ধর্ষণের পর গলা টিপে হত্যা করে রবিউল পালিয়ে যায়।

সদর হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা: মো. আসিফ আকবর বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাসপাতালে একটি কন্যাসন্তানের মৃতদেহ আনা হয়। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করি। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান বলেন, ​রামচন্দ্রপুর গ্রামে ৫ বছর বয়সি মেয়েকে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে। এটি অত্যন্ত নৃশংস একটি হত্যাকাণ্ড। আমরা প্রাথমিকভাবে আসামিকে শনাক্ত করতে পেরেছি। আসামিকে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম ইতোমধ্যেই মাঠে নেমেছে। অপরাধীকে অতি দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে পুলিশের সর্বাত্মক অভিযান ও প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন