খেলা দেখে বাড়ি ফেরার কয়েকঘণ্টা পর মিলল যুবকের ঝুলন্ত মরদেহ

গেজেট প্রতিবেদন

কুষ্টিয়ার ভেড়ামারায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলা দেখে বাড়ি ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই সুমন সরদার (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২০ জুলাই) ভোরে উপজেলার বাহিরচর ইউনিয়নের ষোলদাগ এলাকার দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত সুমন সরদার ওই এলাকার আবজাল সরদারের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন এবং দুই সন্তানের বাবা।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাতে সুমন বন্ধুদের সঙ্গে ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলা দেখতে যান। সেখানে একসঙ্গে খাওয়া-দাওয়া করেন। খেলা শেষে ভোরে বাড়ি ফিরতে দেরি করায় স্ত্রী জেনি খাতুনের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্ত্রী ঘুমিয়ে পড়লে ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে ফাঁস নেন তিনি।

নিহতের স্ত্রী জেনি খাতুন বলেন, ভোর ৪টার দিকে সুমন বাড়ি ফেরে। আমি শুধু বলেছিলাম, এখন তোমার আসার সময় হলো? এরপর সে আবার বাইরে চলে যায়। পরে আমি ঘুমিয়ে পড়ি। ভোরে ঘুম ভেঙে দেখি ঘরের আড়ার সঙ্গে সে ঝুলছে।

প্রতিবেশী আবদুল জলিল জানান, আনুমানিক ভোর সাড়ে ৫টার দিকে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার সময় সুমনের বাড়ি থেকে চিৎকার শুনে তিনি সেখানে যান। ঘরে গিয়ে দেখি ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস নিয়ে সুম‌ন ঝুলছে। পরে স্বজনদের সঙ্গে মিলে সুমনকে নামিয়ে আনেন। আমি যতদূর শুনেছি সে খেলাধুলার পারপাসে আর্জেন্টিনা হারার জন্য অভিমানে এই আত্মহত্যা করেছে।

সুমনের বাবা আবজাল সরদার বলেন, ছেলে বাড়ি ফেরার কিছুক্ষণ পর তিনি মাঠে কাজ করতে যান। কিছুক্ষণ পর খবর পান, তার ছেলে আর বেঁচে নেই।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদুর রহমান বলেন, সুমন সরদার নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন